বাবা মা দুজনের পদবী ব্যবহার করেন কঙ্কনা! ছেলের রামের বেলায় ‘হারুণ শোরে’! কেন নয় ‘সেন শর্মা’? কি বললেন অপর্ণা কন্যা?

বাবা-মা দু’জনেই নামজাদা— এক জন বিশিষ্ট অভিনেত্রী, অন্য জন প্রতিভাবান নির্মাতা। সেই পরিবারেই জন্ম কঙ্কনা সেন শর্মার। ছোট থেকেই নিজের মতো করে ভাবতে শিখেছেন তিনি। তাই যখন কঙ্কনা মাত্র চার-পাঁচ বছরের, তখন মা অপর্ণা সেন এবং বাবা মুকুল শর্মা তাঁকে বলেন, নিজের পদবি নিজেই বেছে নিতে। কঙ্কনা তখন এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন— দু’জনের পদবিই রাখবেন। সেই থেকে তাঁর নামের পাশে জুড়ে গেল ‘সেন শর্মা’। আজও গর্বের সঙ্গে সেই নামই বহন করেন অভিনেত্রী।

সম্প্রতি আলোচনায় উঠে এসেছে তাঁর ছেলে হারুণের পদবি নিয়ে। রণবীর শোরে এবং কঙ্কনার বিবাহবিচ্ছেদ অনেক বছর আগেই হয়েছে। তবে ছেলের ক্ষেত্রে তাঁরা দু’জনেই যৌথভাবে দায়িত্ব পালন করেন। হারুণ এখন তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু ছেলের নাম ‘হারুণ শোরে’ দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন— কেন মায়ের পদবি নেই তাঁর নামে?

এই নিয়েই মুখ খুললেন কঙ্কনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আপাতত হারুণের নামের শেষে ‘শোরে’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি যেমন মা-বাবা দুই জনের পদবি ব্যবহার করি, ওরও একদিন ইচ্ছা হলে তেমনটা করতে পারবে।” কঙ্কনার কথায়, “আমি তাকে বলেছি, চাইলে ভবিষ্যতে নিজের নামের সঙ্গে আমার পদবিও যোগ করতে পারে। কিন্তু এখনকার জন্য আমরা এটাতেই থাকছি।”

কঙ্কনা আরও জানান, ‘সেন’ পদবিটি আসলে তাঁর মায়ের বাপের বাড়ির পদবি নয়। “আমার মা-বাবা এবং দাদু-ঠাকুমারা সবাই খুব প্রগতিশীল ছিলেন। কখনও এ নিয়ে কোনও বাধা তৈরি হয়নি,” বলেন অভিনেত্রী। তাঁর কাছে পরিচয় মানে কেবল একটা নাম নয়, বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা।

আরও পড়ুনঃ ‘মেয়ে তার বয়ফ্রেন্ডের আমার সঙ্গে আলাপ করাচ্ছে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে মেয়ের আলাপ করাচ্ছি…’- বউ ছেলেমেয়ে নিয়ে মজার আড্ডায় সাগ্নিক চ্যাটার্জী!

আজকের প্রজন্মের কাছে কঙ্কনা যেন এক অনুপ্রেরণা— যিনি নিজের মতো করে বাঁচতে জানেন, এবং ছেলেকেও সেই স্বাধীনতা দিচ্ছেন। তাঁর কথায় স্পষ্ট, পরিচয় শুধু সমাজের নিয়মে নয়, নিজের পছন্দের জায়গা থেকেও তৈরি করা যায়।

Back to top button