সেটে টানটান উত্তেজনা! নিশ্চিত হলো জীতুর বিদায়! আর্য হতে চলেছেন রণজয়? উত্তপ্ত টলিপাড়া!

‘চিরদিনই তুমি যে আমার’-এর সেট এখন অস্বাভাবিকভাবে নীরব। সোমবার জীতু কমল–দিতিপ্রিয়া রায় দ্বন্দ্ব মেটাতে জরুরি বৈঠক ডেকেছিল প্রযোজনা সংস্থা। বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু তার পরেও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি চ্যানেল, প্রযোজক বা অভিনেতাদের কারও তরফেই। তবুও ইন্ডাস্ট্রি জুড়ে জোর জল্পনা—নায়ক হিসেবে আর দেখা যাবে না জীতুকে। তাঁর জায়গায় কি তবে আসছেন রণজয় বিষ্ণু?
স্টুডিয়োর ভেতর পরিস্থিতি আরও রহস্যময়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সেটজুড়ে রীতিমতো থমথমে পরিবেশ। কাজের বাইরে কেউ প্রায়ই কারও সঙ্গে কথাই বলছেন না। সবাই নিজের নিজের শটে ব্যস্ত, যেন কোনও অঘটন ঘটেনি। পেশাদারিত্ব বজায় রাখলেও মন যে ভারাক্রান্ত—সেটের আবহেই সেটা স্পষ্ট। দিতিপ্রিয়া সোমবার নির্দিষ্ট সময়েই শুটিংয়ে পৌঁছেছিলেন, শট শেষ করেই দ্রুত বেরিয়ে যান।
ইতিমধ্যেই ছড়িয়েছে নতুন গুঞ্জন—প্রযোজনা সংস্থা নাকি রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এটি এখনও প্রাথমিক স্তরে, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দর্শকমহলে কিন্তু উত্তেজনা চরমে—রণজয় কি সত্যিই নতুন আর্য হয়ে পর্দায় আসছেন? বদলে যাবে কি ধারাবাহিকের সমীকরণ?
এ দিকে আরও বড় সমস্যার সূত্রপাত হয়েছে ‘এনওসি’ বা অনাপত্তিপত্র নিয়ে। ধারাবাহিক মাঝপথে ছাড়তে চাইলে অভিনেতাকে এই কাগজ জমা দিতে হয়। সূত্র বলছে, জীতু এখনও সেই ‘এনওসি’ জমা দেননি। ফলে নতুন নায়ক শুটিং শুরু করলেও আইনগত ও প্রযোজনাগত জটিলতায় পড়তে পারে গোটা ধারাবাহিক। এই নিয়েই টেনশন চরমে।
আরও পড়ুনঃ অসুস্থ রুবেল! তবুও মেলেনি ছুটি! করতে হচ্ছে আউটডোর শুট! স্বামীর পাশে থাকতে মাঝরাতে আবেগঘন বার্তা শ্বেতার!
এখন গল্পে আর্য সিংহ রায়কে হাসপাতালে ভর্তি দেখানো হচ্ছে। অপর্ণা তার দেখভালে ব্যস্ত। কিন্তু রণজয় যদি সত্যিই আসেন, তবে কি এই হাসপাতালের ট্র্যাক থেকেই শুরু হবে গল্পের নতুন বাঁক? নাকি একেবারেই বদলে যাবে ধারাবাহিকের গতিপথ? নানা প্রশ্নে গুঞ্জরিত টলিপাড়া, আর দর্শকের অপেক্ষা—কখন ভাঙবে এই নীরবতা?

