জিন্স টি শার্টে নতুন আর্য! বয়স কমাতে কি কি করলেন অভিনেতা জিতু কমল? দর্শকদের চমকে দিতে অভিনেতার নতুন প্রয়াস!

বিয়ের দিন যত ঘনিয়ে আসছে, আর্য অপর্ণার প্রেম ততই যেন রঙিন হয়ে উঠছে। একসময় ছাদে লুকিয়ে দেখা করা প্রেম এখন পৌঁছে গিয়েছে একেবারে প্রকাশ্য আবেগে। অপর্ণাকে চমকে দিতে আর্য নিজের চেনা রূপটাই বদলে ফেলেছে। জিন্স টি শার্ট আর চোখে সানগ্লাস পরে সে হাজির হয় অপর্ণার কলেজে। গাড়ি নয়, এবার বাইক চালিয়েই আসে আর্য। এই নতুন রূপে তাকে প্রথমে চিনতেই পারেননি অপর্ণার মা।
পরে জানা যায়, অপর্ণার বন্ধুদের দেওয়া এক বিশেষ চ্যালেঞ্জের অংশ হিসেবেই এই ভোলবদল। আর্য অপর্ণার থেকে বয়সে বড় হওয়ায় বন্ধুরা তাকে একটু বিপাকে ফেলতে চেয়েছে। সেই চ্যালেঞ্জে জিততে পারলে অপর্ণার সম্মান থাকবে বন্ধুদের কাছে। তবে সেই চ্যালেঞ্জ ঠিক কী, তা জানতে হলে দর্শকদের চোখ রাখতে হবে আগামী পর্বে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে আর্য অপর্ণার বিয়ের তোড়জোড়।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের কার্ডের ঝলক। চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে নিমন্ত্রণপত্রের ছবি, যেখানে সুন্দরভাবে লেখা রয়েছে দুজনের নামের আদ্যাক্ষর। জানা যাচ্ছে, সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে কার্ড বিলিও শুরু হয়ে গিয়েছে। কার্ডে লেখা আছে আর্য ও অপর্ণার শুভ পরিণয়। সব মিলিয়ে স্পষ্ট যে ধারাবাহিকে এবার বিয়ের ট্র্যাক খুব কাছেই।
অন্যদিকে, নানা জটিলতা কাটিয়ে আবার ছন্দে ফিরেছে ধারাবাহিকটি। আগের অপর্ণা দিতিপ্রিয়া রায় সরে দাঁড়ানোর পর নতুন মুখের খোঁজ শুরু হয়েছিল। সেই জায়গায় মঞ্চ অভিনেত্রী শিরিন পালের এন্ট্রি দর্শকদের কৌতূহল বাড়ায়। নতুন অপর্ণার সঙ্গে প্রথম থেকেই সাবলীল জিতু। অন্তরঙ্গ দৃশ্যে তাঁদের রসায়নও বেশ স্বাভাবিক লেগেছে দর্শকদের। সমাজমাধ্যমে চর্চা হলেও নতুন অপর্ণাকে অনেকেই আপন করে নিয়েছেন।
আরও পড়ুনঃ মন্দারমণির সমুদ্রে জন্মদিন উদযাপন! ৪৫-এও চির তরুণী স্বস্তিকা! সমুদ্র সৈকতে সাহসী পোশাকে ঝড় তুললেন অভিনেত্রী!
গল্পের মোড় আরও রহস্যময় হয়ে উঠেছে অপর্ণার পূর্বজন্মের স্মৃতিকে ঘিরে। মাঝেমধ্যেই তার মনে ফিরে আসছে অদ্ভুত সব স্বপ্ন। ঘুমের ঘোরে এক নববধূর ছবি দেখে অস্থির হয়ে ওঠে সে। একই স্বপ্ন দেখে আর্যও। রাজনন্দিনীকে ঘিরে অপর্ণার মনে জমছে নানা প্রশ্ন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রাজনন্দিনীর চরিত্রে নতুন মুখ দেখা যেতে পারে। আর্যর প্রথম স্ত্রীর ভূমিকায় পায়েল দে থাকবেন কি না, তা নিয়েও বাড়ছে জল্পনা।

