‘ইন্দ্রানী হালদার এখনও ফুরিয়ে যায়নি…’ দীর্ঘ ৩ বছরের বিরতির পর মুখ খুললেন ইন্দ্রাণী হলদার! অসুস্থতা থেকে ফেরা আর নতুন শুরু নিয়ে অকপট ‘মামণি’!

শ্রীময়ীর মতো জনপ্রিয় ধারাবাহিকের সাফল্যের পর হঠাৎ করেই ছোটপর্দা থেকে গায়েব হয়ে যান ইন্দ্রাণী হালদার। গত কয়েক বছর ধরে তাঁকে খুব একটা দেখা যায়নি টেলিভিশন বা জনসমক্ষে। ফলে দর্শকদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, কোথায় গেলেন প্রিয় অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছিল একটি ওয়েব সিরিজে, তারপর থেকেই যেন আড়ালে চলে যান তিনি। এই দীর্ঘ অনুপস্থিতির কারণ নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন ইন্দ্রাণী।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এই বিরতি তিনি ইচ্ছা করে নেননি। গুরুতর শারীরিক সমস্যার জন্যই তাঁকে দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকতে হয়েছে। কোমরের চোট এতটাই মারাত্মক ছিল যে প্রায় দেড় বছর শয্যাশায়ী থাকতে হয়েছে তাঁকে। চিকিৎসার অংশ হিসেবে স্টেরয়েড নেওয়ায় ওজনও অনেকটাই বেড়ে যায়। তার পরেই আবার লিগামেন্ট ছিঁড়ে নতুন করে শারীরিক সমস্যার মুখে পড়েন তিনি, যা তাঁর জন্য আরও কঠিন সময় তৈরি করে।
তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনছেন অভিনেত্রী। গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত জিমে গিয়ে নিজের শরীরকে আবার আগের মতো ফিট করে তোলার চেষ্টা করছেন তিনি। অনেকটাই ওজন কমিয়েছেন এবং এখন আগের ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই লড়াই সহজ ছিল না, কিন্তু নিজের ইচ্ছাশক্তির জোরেই ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন ইন্দ্রাণী।
কাজের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বড় পরিচালকদের ছবিতে কাজ না করার পিছনে তাঁর কোনও সিদ্ধান্ত ছিল না। বরং সুযোগ এলে তিনি অবশ্যই কাজ করতেন। নিজের কেরিয়ার নিয়ে তাঁর আত্মবিশ্বাস এখনও অটুট। তিনি বলেন, ভালো কাজের সুযোগ পেলে সিনেমা হোক বা সিরিয়াল, সব ধরনের কাজই করতে চান। একই সঙ্গে ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে তিনি মনে করেন, ভাগ্য ও যোগ্যতার উপরই সাফল্য নির্ভর করে।
আরও পড়ুনঃ জেলখানায় বসেই সংযুক্তার মাস্টার প্ল্যান! রায়ানকে মৃ’ত্যুপুরী থেকে উদ্ধার করতে এবার নতুন ফন্দি আঁটলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
ব্যক্তিগত জীবনেও ইন্দ্রাণী বেশ দৃঢ় অবস্থান নিয়েছেন। পরিবার, বিশেষ করে স্বামী ও শ্বশুরবাড়ির সমর্থনকে তিনি নিজের শক্তি বলে মনে করেন। এখন তিনি চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক এবং একই ধরনের চরিত্রে নিজেকে বেঁধে রাখতে চান না। নতুন ধরনের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান তিনি। জীবনের এই নতুন পর্বে নিজের অস্তিত্বকে উপভোগ করেই এগিয়ে যেতে চান ইন্দ্রাণী।

