কথা বলা নিষেধ! তাই বাবার সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম কাগজ কলম! কাগজেই বাবার কাছে মনের কথা প্রকাশ করলেন গায়িকা!

কথা না বললে কত কিছুই না অপূর্ণ থেকে যায়, সে কথা বহুবার মনে করিয়ে দিয়েছে বাংলা ছবি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত কণ্ঠ ছবির সেই সংলাপ আজ যেন বাস্তব জীবনে ফিরে এল ইমন চক্রবর্তীর জীবনে। এই মুহূর্তে চিকিৎসকের কড়া নির্দেশে কথা বলা পুরোপুরি নিষেধ জনপ্রিয় এই গায়িকার। ঠান্ডা লেগে গলা আক্রান্ত হওয়ায় ভয়েস রেস্টে রয়েছেন তিনি। কিন্তু কথা না বললে কি আর মনের ভাব থেমে থাকে। তাই মুখে না বলেও ইমন বেছে নিয়েছেন অন্য পথ, কাগজ আর কলম।
বর্তমানে বাড়িতে বেশি সময় কাটাচ্ছেন ইমন। স্বাভাবিকভাবেই বাবার সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন পড়ছে বারবার। কিন্তু গলাকে বিশ্রাম দিতে গিয়ে সেই সুযোগ নেই। তাই একেবারে নিরুপায় হয়ে নিজের মনের সব কথা কাগজে লিখে বাবাকে জানাচ্ছেন তিনি। এই অনন্য মুহূর্তের এক ঝলক নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বাবা মেয়ের একেবারে নীরব অথচ ভীষণ প্রাণবন্ত কথোপকথন চলছে সাদা কাগজের উপর।
ছবিতে প্রথমে ইমন লিখেছেন, বাড়ি গেলে অনেক কথা বলতে হবে তাই তিনি ফ্ল্যাটে থাকবেন এবং বাবাকে বুড়িকে নিয়ে আসতে হবে। মেয়ের লেখা পড়ে বাবাও কলম তুলে নিয়েছেন। তিনি লিখেছেন কবে যাবেন। উত্তরে ইমন জানিয়েছেন কালকেই আসতে। আবার বাবার প্রশ্ন কাল সারাদিন মেয়ে থাকবে কি না। এভাবেই দুজনের কথোপকথন চলেছে শব্দহীন অথচ গভীর আবেগে ভরা ভাষায়।
এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হাসি আর ভালোবাসার ঢেউ। অনেকেই লিখেছেন, বাবার সঙ্গেই এমন মজার আর আদুরে সম্পর্ক সম্ভব। মেয়ের অসুবিধার কথা ভেবে বাবাও ঠিক মেয়ের মতোই কাগজে লিখে কথা বলছেন, এমন দৃশ্য মন ছুঁয়ে গেছে সকলের। হাসির আড়ালেও লুকিয়ে রয়েছে গভীর ভালোবাসা আর বোঝাপড়ার গল্প।
আরও পড়ুনঃ ডিভোর্সের পরেও একসঙ্গে সুদীপ-পৃথা! সন্তানদের জন্যই কি ফের কাছাকাছি ‘চিরসখা’-র স্বতন্ত্র? মুখ ঢেকে প্রাক্তন বউকে নিয়ে কোথায় চললেন অভিনেতা?
প্রসঙ্গত, ইমন চক্রবর্তী আজ বাংলা সঙ্গীত জগতের এক অতি পরিচিত নাম। কেরিয়ারের শুরুতেই জাতীয় পুরস্কার পেয়ে নজির গড়েছেন তিনি। আজ বাংলা ছবিতে যেমন অরিজিৎ সিং অপরিহার্য, তেমনই ইমনও হয়ে উঠেছেন এমন এক কণ্ঠ, যাকে ছাড়া গান যেন অসম্পূর্ণ। সেই ইমনের জীবনের এই ছোট্ট অথচ হৃদয় ছোঁয়া মুহূর্ত আরও একবার প্রমাণ করল, তারকা জীবনের বাইরেও তিনি ঠিক আমাদেরই একজন।

