মুখ্যমন্ত্রীর ১৫ বছরের উন্নয়নের পাঁচালী! সেই পাঁচালী গাইলেন ইমন চক্রবর্তী! তবে কি রাজনীতিতে পা রাখছেন গায়িকা?

টলিপাড়ায় ফের জোরালো হচ্ছে ইমন চক্রবর্তীকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন। ছাত্রজীবনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের সক্রিয় নেত্রী ছিলেন তিনি। সিপিআইএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটিতেও ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা আর পথচলা। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ইমন নাকি তৃণমূল কংগ্রেসের হয়ে আগামী ভোটে লড়তে পারেন। আগে অবশ্য তিনি সরাসরি সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গত ১৫ বছরের উন্নয়ন কর্মসূচির রিপোর্ট কার্ড প্রকাশ করছিলেন, তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ইমন। ছয়টি ভাষায় প্রকাশিত এই রিপোর্ট কার্ডে ‘পাঁচালি’র সুরে একটি বিশেষ গানও তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আগের দিনের গৌরব আর বাংলার মনীষীদের ছোঁয়া তুলে ধরতেই এই গান। আর সেই গানেই কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী।

অনুষ্ঠানের মঞ্চেই গান ধরেন শিল্পী। কীর্তনিয়ার ঢঙে তাঁর পরিবেশনা— ‘বলতে এসেছি কথা উন্নয়নের, এই উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুনে উন্নত জীবনের মান।’ মমতা বন্দ্যোপাধ্যায় গান শুনে স্পষ্টতই আবেগাপ্লুত হয়ে পড়েন। হাতজোড় করে উৎফুল্ল মুখে তিনি জানান, কতটা ভালো লেগেছে তাঁর এই সৃষ্টিকে। উপস্থিত সবাইকে ইমনকে স্ট্যান্ডিং ওভেশন দিতে পর্যন্ত অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠান শেষে শিল্পীকে উত্তরীয় পরিয়ে বরণ করেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিনের ঘটনার পর স্বাভাবিকভাবেই আবারও ফিরে আসে পুরনো প্রশ্ন, তবে কি সত্যিই ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যাবে ইমনকে? কারণ, এ বছরের কালীপুজোতেও স্বামীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন তিনি, সেখান থেকেই প্রথম জল্পনার সূত্রপাত।

আরও পড়ুনঃ জল্পনার অবসান! সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো! ভাঙলো নীল তৃণার চুক্তির বিয়ে?

তবে ইমন নিজে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি। তাঁর স্পষ্ট বক্তব্য, মুখ্যমন্ত্রী তাঁর গান অত্যন্ত ভালোবাসেন, সেই স্নেহই শিল্পীর কাছে বড় প্রাপ্তি। আর রাজনৈতিক প্রস্তাব এলে তখনই সে বিষয়ে ভাববেন তিনি। বর্তমানে তাঁর কাছে তেমন কোনও প্রস্তাব আসেনি। কিন্তু নবান্নের মঞ্চে তাঁর উপস্থিতি আর গানের সাফল্য নতুন করে প্রশ্ন তুলছে— দিদির প্রশংসায় মুখর ইমন কি সত্যিই আগামী দিনে সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন?

Back to top button