‘এই জন্মে না হোক, পরের জন্মে ঠিকই…’- দেবলীনার জীবনে শোকের ছায়া! কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী!

টলিপাড়ার পরিচিত মুখ দেবলীনা কুমার—ছোট পর্দা, বড় পর্দা আর ওটিটি–সব মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করে নিজের জায়গা পাকা করেছেন তিনি। গৌরব চট্টোপাধ্যায়ের ঘরণী হয়ে উত্তম কুমারের পরিবারের সদস্য হওয়ার পর থেকেই দেবলীনা আরও বেশি আলোচনায় আসেন। কাজের ব্যস্ততা আর দুই বাড়ির দায়িত্ব একসঙ্গে সামলে সবসময়ই হাসিখুশি দেখা যায় তাঁকে। তবে হঠাৎই সেই হাসির আড়ালে নেমে এসেছে গভীর দুঃখের ছায়া।
শনিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন দেবলীনা। সেখানেই জানান, তিনি হারিয়েছেন তাঁর অত্যন্ত কাছের মানুষ—প্রিয় কাকুমণিকে। সোশ্যাল মিডিয়ায় কাকুমণির সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, মন ভার হলে কথা বলতে ইচ্ছে করে না। পরের জন্মে যেন আবার তাঁর কাকুমণি হয়ে ফিরে আসেন। দেশপ্রিয় পার্কে কিছু দরকার পড়লে তিনি সবসময় বলতেন, দাঁড়াও আমার কাকা আছে, বলে দিচ্ছি। আর সেই বলাতেই কাজ হয়ে যেত—এভাবেই স্মৃতির পাতায় কাকুমণিকে তুলে ধরেন তিনি।
পোস্টে দেবলীনা আরও জানান, কাকুমণির পরামর্শ, তাঁর ফ্যাশন সেন্স, ধুতির সংগ্রহ—সব কিছুই তিনি অসম্ভব ভালোবাসতেন এবং এগুলোই আজ সবচেয়ে বেশি মিস করবেন। স্মৃতির ভার যে কত গভীর, শব্দে তা ধরা যায় না—সেই আক্ষেপও প্রকাশ করেন তিনি। সঙ্গে অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানান, যেন কেউ ‘RIP’ না লেখেন। কারণ, মৃত্যুকে তিনি বিদায় নয়, স্মৃতি আর স্নেহের ধারাবাহিকতা হিসেবেই মনে করেন।
অভিনেত্রীর ভক্তরাও তাঁর এই অনুরোধ সম্মান করেছেন। মন্তব্যের ঝড়ে তাঁকে সান্ত্বনা দিয়ে লিখেছেন—কাকুমণি সবসময়ই দেবলীনার সঙ্গেই থাকবেন। কেউ লিখেছেন, তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। আবার কেউ লিখেছেন, তারাদের দেশে ভালো থাকুন। নায়িকার এই দুঃসময়ে অনুরাগী ও কাছের মানুষেরা পাশে দাঁড়িয়েছেন মন থেকে।
আরও পড়ুনঃ ‘রাস্তার কুকুরদের জন্য…’- রাস্তার মাঝে চরম হেনস্তার শিকার সায়ন্তনী-ইন্দ্রনীল! পুলিশের দোরগোড়ায় তারকা দম্পতি!
এদিকে, ব্যক্তিগত এই শোকের মধ্যেও দেবলীনার পেশাজীবন এই বছর বেশ উজ্জ্বল ছিল। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত তাঁর ছবি রাস দারুণ প্রশংসা পেয়েছে দর্শকদের। আর পুজোয় মুক্তি পাওয়া রক্তবীজ ২–ও ছিল বহু প্রতীক্ষিত ছবিগুলির একটি। কাজের সাফল্য আর ব্যক্তিগত দুঃখ—দুটি উল্টো স্রোতের মাঝেই এখন এগিয়ে চলছেন অভিনেত্রী।
View this post on Instagram

