‘শুভশ্রীর সঙ্গে কেউ কাজ করতে চাইছিল না, আমি তখন…’ ‘না হয় এই যুদ্ধটাতেও তোমায় সঙ্গ দিলাম…’ বিবাদ ভুলে আবেগে ভাসলেন দেব-শুভশ্রী! শুরু হলো নতুন যাত্রা!

টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী (Dev-Subhasree), যাঁদের ভক্তরা ভালোবেসে ‘দেশু’ বলে ডাকেন, তাঁরা আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে তাঁদের অনেকদিন আটকে থাকা ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল। সেটি পুরনো কাজ হলেও, ২০২৬-এর দুর্গাপুজোয় যে ছবিটি আসছে, সেটি একেবারেই নতুন একটি প্রজেক্ট। গতকাল সোশ্যাল মিডিয়ায় এক লাইভ ভিডিওর মাধ্যমে তাঁরা তাঁদের আসন্ন চলচ্চিত্রের বড় ঘোষণাটি করেছেন। আপাতত এই প্রোজেক্টটির নাম দেওয়া হয়েছে ‘দেশু ৭’

বাংলা সিনেমার ইতিহাসে সম্ভবত এই প্রথমবার ছবি শ্যুটিং শুরু হওয়ার আগেই, অর্থাৎ মুক্তির প্রায় ৯ মাস আগে অগ্রিম টিকিট বুকিং শুরু হলো। লাইভ ভিডিওতে দেব জানান, আগামী ১৬ অক্টোবর ২০২৬-এর সকাল সাড়ে ৭টার শো-এর টিকিট ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে এবং ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা ‘হাউসফুল’ হয়ে যায়। এই উন্মাদনা প্রমাণ করে যে, আজও দর্শক হৃদয়ে এই জুটির জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।

শুভশ্রী জানান, দেবের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি দ্বিতীয়বার ভাবেননি। শুভশ্রীর বক্তব্য ছিল— “ছোটবেলা থেকে অনেক লড়াই লড়েছি, ভাবলাম এই লড়াইটাতেও দেবের পাশে দাঁড়াই।” তিনি আরও যোগ করেন, দেব যখন ‘খোকা ৪২০’ বা ‘খোকাবাবু’র সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তখন অনেকেই তাঁকে নায়িকা হিসেবে মেনে নিতে চাননি। সেই ঋণ এবং বন্ধুত্ব থেকেই তিনি চিত্রনাট্য না শুনেই মাত্র ৩০ সেকেন্ডে রাজি হয়ে যান।

সেই সময়ে দেবই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তাঁর যোগ্যতার ওপর ভরসা রেখেছিলেন। দেব পরিচালকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যদি শুভশ্রী ছবিতে না থাকে, তবে তিনিও সেই ছবিতে কাজ করবেন না। দেবের এই অনড় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত শুভশ্রী সেই ছবিগুলোতে কাজ করার সুযোগ পান এবং পরবর্তীতে সেগুলো ব্লকবাস্টার হিট হয়।

আরও পড়ুনঃ প্রাক্তনের হাত ধরেছেন স্ত্রী! ‘দেব-শুভশ্রীর বিয়েটা হলেই বোধহয় ভালো হতো…’ কেন এমন বললেন পরিচালক রাজ চক্রবর্তী?

শুভশ্রী বলেন, “তখন অনেকেই ভাবতেন আমি অভিনেত্রী হিসেবে উপযুক্ত নই। কিন্তু দেব আমার হাত ছাড়েনি। সেইদিন ও আমার পাশে দাঁড়িয়েছিল বলেই আমি আজ এই জায়গায়। ৩১ ডিসেম্বর ও যখন আবার নতুন ছবির জন্য ফোন করল, আমি তাই পুরনো কৃতজ্ঞতা ও বন্ধুত্বের খাতিরে এক সেকেন্ডও ভাবিনি।”

Back to top button