জিৎ-এর সাথে একই ছবিতে কাজ করার সুযোগ ফিরিয়ে দিলেন দেব! কেন এমন সিদ্ধান্ত তার?

টলিউডে (Tollywood) বর্তমানে বহু নতুন মুখ অভিনেতা অভিনেত্রী এলেও, সর্বদা সুপারস্টার হয়েই থাকবেন দেব (Dev) এবং জিৎ (Jeet)। ২০১০ সাল ছিল দর্শকদের জন্য ভীষণ মেমোরেবেল। কারণ সেই বছর প্রথম তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘দুই পৃথিবী’ সিনেমায়।
এরপর কেটে গিয়েছে ১৩ বছর। দুই নায়ককে একসঙ্গে ভীষণ পছন্দ করেছিল দর্শকরা। হিট হয়েছিল সেই ছবি। কিন্তু এরপর আর কখনও দুজনকে এক ছবিতে দেখতে পায়নি অভিনেতাদের ভক্তরা। ফলে দর্শকদের মনে সেই নিয়ে এখনো আক্ষেপ রয়ে গিয়েছে। কিন্তু জানেন কি, জিতের সঙ্গে আরও একবার কাজের সুযোগ এলেও ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দেব।
বর্তমানে জিৎ এবং দেব দুজনেই সফল পরিচালক। দেব এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘বাঘাযতীন’-এর প্রচারে ব্যস্ত। এই পুজোয় আগামী ১৯ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। অন্যদিকে, মহালয়ার দিনই জিতের পরবর্তী ছবি ‘মানুষ’-এর টিজার মুক্তি পেল। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ।
কিন্তু এই দুই অভিনেতাকে একসঙ্গে কবে আবার দেখা যাবে, সেই নিয়ে কৌতূহল বেড়েই চলেছে দর্শকদের মধ্যে। আর এর মাঝেই জানা গেলো, সুযোগ পেয়েও সেই সুযোগ ফিরিয়ে দিয়েছেন অভিনেতা দেব। কিন্তু কেনো? তবে কি একসাথে কাজ করতে চান না তিনি? এইবার সেই কারণ নিজের মুখেই জানালেন দেব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানান, “আমার আর জিতের ছবি দুই পৃথিবীর পর আসেনি মানে আর আসবে না এমনটা নয়। ভালো একটা সাবজেক্টও তো আসতে হবে। গল্পের মধ্যে আমাদের দুজনকেই নিজেদের জায়গা খুঁজে পেতে হবে।” একটি ছবির অফার পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার কারণ হিসেবে তিনি বলেন, ”একজন বড় পরিচালক একটি স্ক্রিপ্ট এনেছিলেন। কিন্তু গল্পটা আমার ভালো লাগেনি।”

