চিকিৎসা নিয়ে বড় পদক্ষেপ! দেবের উদ্যোগে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা! মিলবে বিনামূল্যে চিকিৎসা!

টলিউডের নেপথ্যে কাজ করা হাজার হাজার টেকনিশিয়ানের জন্য বড় ঘোষণা করা হয়েছে। অভিনেতা এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব এই বিষয়ে উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই এবার টালিগঞ্জের টেকনিশিয়ানদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নতুন ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে, টলিউড ইন্ডাস্ট্রির প্রায় ৭ হাজারেরও বেশি টেকনিশিয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এই সুবিধা চালু করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এর ফলে অসুস্থতার সময় চিকিৎসার খরচ নিয়ে অনেকটাই স্বস্তি পাবেন কর্মীরা।
এই উদ্যোগের অংশ হিসেবে আগামী মঙ্গলবার ১৭ মার্চ টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে টেকনিশিয়ানদের নিজেদের নাম নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছেন দেব। তিনি সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে সকলকে ওই ক্যাম্পে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেব জানান, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনে থাকা বহু কর্মী আগে একটি বিমা সুবিধা পেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেই সুবিধা বন্ধ থাকায় অসুস্থতার সময়ে অনেকেই সমস্যায় পড়তেন।
আরও পড়ুনঃ ‘বিবাহবিচ্ছেদ কোনো সহজ সিদ্ধান্ত ছিল না!’ ব্যক্তিগত জীবনের কঠিন সত্য সামনে আনলেন দেবলীনা নন্দী! বিচ্ছেদ থেকে নতুন কাজ, সব নিয়ে অকপটে গায়িকা!
নতুন ব্যবস্থার ফলে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের মাধ্যমে টেকনিশিয়ান ও তাঁদের পরিবার সরকারি এবং নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন। এতে চিকিৎসা খরচ অনেকটাই কমবে এবং প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসা পাওয়াও সহজ হবে।

