কৃশানু ও মিঠির প্রেমের কাহিনীর মাঝেই অপহরণ, শ্লী’লতাহানির ট্র্যাক! ট্রোলের মুখে চিরসখা! নেটিজেনদের স্পষ্ট জবাব দিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়

‘চিরসখা’ ধারাবাহিক শুরু থেকেই দর্শকের কৌতূহল জাগিয়ে রেখেছে নানা সম্পর্কের টানাপড়েন আর আবেগঘন মোড়ে। স্বতন্ত্র ও কমলিনীর দাম্পত্য সমীকরণ যেমন গল্পের মূল স্তম্ভ, তেমনই কুর্চি ও অয়নদীপ কিংবা মিটিল ও বাবিলের সম্পর্ক দর্শকের আগ্রহ বাড়িয়েছে ধীরে ধীরে। সেই তালিকায় সাম্প্রতিক সময়ে জায়গা করে নিয়েছে মিঠি ও কৃশানুর সম্পর্ক। পরিবারের সমর্থন, ভবিষ্যতের ইঙ্গিত আর তরুণ প্রেমের স্বচ্ছতা মিলিয়ে এই জুটি অল্প সময়েই আলাদা করে নজর কেড়েছে দর্শকের একাংশের।

তবে গল্প যত এগিয়েছে, ততই তৈরি হয়েছে বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি পর্বে হঠাৎ করেই দেখানো হয় মিঠির অপহরণের ঘটনা। মেয়ের সঙ্গে কী ভয়ংকর কিছু ঘটে যেতে পারে এই আশঙ্কায় ভেঙে পড়ে গোটা পরিবার, বিশেষ করে কমলিনী। সেই সংকটময় মুহূর্তে ঢাল হয়ে দাঁড়ায় কৃশানু। এই নাটকীয় মোড়েই প্রশ্ন তুলেছেন দর্শকের একাংশ। তাঁদের দাবি, সোজাসাপটা প্রেমের পথে না হেঁটে কেন গল্পে ঢুকল এমন অপহরণের ট্র্যাক।

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই এই মোড়। তাঁর মতে, কৃশানু ও মিঠির প্রেম নতুন করে তৈরি হয়নি, বরং তা আগেই প্রতিষ্ঠিত। যাঁরা এখন প্রশ্ন তুলছেন, তাঁরা হয়তো মন দিয়ে কাহিনি অনুসরণ করছেন না বলেই এমনটা মনে হচ্ছে। গল্পকে এগিয়ে নিয়ে যেতে কখনও কখনও এমন ধাক্কা প্রয়োজন হয়, যা চরিত্রদের গভীরতা আরও স্পষ্ট করে তোলে।

টিআরপি বাড়ানোর জন্যই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমন প্রশ্নেও সাফ জবাব দিয়েছেন লীনা। তিনি বলেন, সংখ্যার হিসাব নয়, বরং বাস্তবতার দিকটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনও সমাজে এমন বহু পুরুষ আছেন, যাঁরা কঠিন পরিস্থিতিতে পড়লে ভালবাসার মানুষের হাত ছেড়ে দিতে দ্বিধা করেন না। কিন্তু সবাই যে এক রকম নন, কৃশানু সেই ব্যতিক্রমের প্রতিনিধিত্ব করছে। এই চরিত্রের মধ্য দিয়েই সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে মঞ্চে গান গাইতে গিয়ে হেনস্থা গায়িকা লগ্নজিতা চক্রবর্তী! অভিযুক্তকে ধরতে তৎপর পুলিশ

তবে এত কিছুর পরেও কৃশানু ও মিঠির ভবিষ্যৎ ঠিক কোন পথে যাবে, তা এখনও রহস্যেই রাখতে চান লেখিকা। বিয়ে বা নতুন কোনও বড় সিদ্ধান্ত নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। ফলে দর্শকের কৌতূহল আরও বেড়েছে। সামনে ঠিক কী অপেক্ষা করছে এই জুটির জন্য, তা জানতে চোখ রাখতে হবে ‘চিরসখা’র পরবর্তী পর্বগুলোর দিকেই।

Back to top button