‘রামের আমলেও ধ’র্ষণ হত, রাবণ সীতাকে তুলে নিয়ে গিয়ে…’- ধ’র্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে বিস্ফোরক চিরঞ্জিত! অভিনেতার মন্তব্যে উত্তাল সমাজ মধ্যম!

অভিনেতা ও তৃণমূল বিধায়ক চিরঞ্জিত সাম্প্রতিক সময়ে ধর্ষণ নিয়ে তাঁর মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে। কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে ধর্ষণের “কোনও সলিউশন হয় না” এবং “যুগ যুগ ধরে এসব চলছে।” এই বক্তব্য ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন তাঁর নতুন ছবি হাঁটি হাঁটি পা পা-র প্রচারের সময়ে ফের তাঁকে সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু চিরঞ্জিত জানিয়ে দেন যে তাঁর কথায় কোনও আক্ষেপ নেই এবং তিনি কেবলমাত্র “সত্যি কথাই বলেছেন।”
সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে সহিংসতার এই প্রবণতা ইতিহাসজুড়ে ছিল এবং রামের আমল পর্যন্ত প্রসঙ্গ টেনে বলেন সীতাকে রাবণ অপহরণ করেছিল, গল্পে ধর্ষণ হয়নি ঠিকই কিন্তু সমাজ তাঁকে অছ্যুত ভাবেই দেখেছিল। তাঁর মতে, সামাজিক ব্যবস্থার এই ধারাবাহিক অথচ অস্বস্তিকর বাস্তবতাই তিনি তুলে ধরেছেন এবং এই সত্য অস্বীকার করার কোনও মানে নেই। তাঁর এই বক্তব্যই আরও ক্ষোভের জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায়।
চিরঞ্জিত এখানেই থামেননি। তিনি মেয়েদের পোশাক নিয়েও মন্তব্য করেন এবং বলেন ছোট জামা বা স্কার্ট পরা বিপদের কারণ হতে পারে। নিজের মেয়েকে তিনি অত ছোট পোশাক পরতে দিতেন না বলেও জানান। মেয়েদের একটি নির্দিষ্ট ড্রেস কোড থাকা উচিত বলেই তাঁর মত। সাক্ষাৎকার গ্রহণকারী যখন পালটা বলেন যে বহু ঘটনায় পোশাক কোনও কারণ ছিল না, তখন চিরঞ্জিত জানান পোশাক একমাত্র কারণ নয় কিন্তু “একটা ফ্যাক্টর।”
এই মন্তব্য সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে অভিযোগ করেন যে একজন জনপ্রিয় অভিনেতা ও জননেতা হয়েও তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য রাখছেন। কেউ কেউ বলেন তাঁর কথায় যুক্তির অভাব রয়েছে, আবার কেউ মনে করেন যে তিনি সমস্যাকে স্বাভাবিক করে তুলছেন, যা অত্যন্ত বিপজ্জনক। কিছু মন্তব্যে অবশ্য আংশিক সমর্থনও দেখা যায়, যদিও পোশাক নিয়ে তাঁর মতামত বেশিরভাগেরই বিরাগভাজন।
আরও পড়ুনঃ ১৫ বছরের উন্নয়নের পাঁচালী! সেই পাঁচালী গাইলেন ইমন চক্রবর্তী! তবে কি রাজনীতিতে পা রাখছেন গায়িকা?
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন নানা প্রতিক্রিয়া। কেউ তাঁর বক্তব্যকে অসংযত বলছেন, কেউ হতাশা প্রকাশ করছেন যে এ ধরনের মনোভাবের মানুষকে দেখতে মানুষ সিনেমা হলে যায়। বিতর্ক ক্রমেই বাড়ছে আর চিরঞ্জিতের এই মন্তব্য যে তাঁর ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলেছে তা বলাই যায়।

