‘উনি আমায় এক নেশায় আসক্ত করেছিলেন…’ ‘বিপ্লবদা তুমিও একা করে দিলে!’ টলিপাড়ায় শোকের ছায়া! অভিনেতা বিপ্লব দাশগুপ্তর প্রয়াণে ভেঙে পড়লেন জিতু কমল!

শুক্রবার দুপুরে টলিপাড়ায় আসে দুঃসংবাদ। ৭৫ বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। গল্ফ ক্লাব রোডের নিজের বাসভবনেই দুপুর সাড়ে বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে সাংস্কৃতিক মহলে নেমে এসেছে শোকের আবহ।

দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। জানা যায়, স্নায়ুতন্ত্রের অটোইমিউন রোগে আক্রান্ত ছিলেন এই শিল্পী। চিকিৎসার জন্য একাধিকবার বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে শেষ কয়েক মাস বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল বলে পরিবার সূত্রে খবর।

শিল্পীর স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, এদিন সকালেও সবকিছু স্বাভাবিক ছিল। তিনি নিজে হাতে প্রাতরাশ খাইয়েছিলেন স্বামীকে। পরে স্পঞ্জ করানোর সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই প্রবীণ শিল্পী।

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেন বহু শিল্পী। ইতিমধ্যেই তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। অভিনেতা জিতু কামাল-ও গভীর শোক প্রকাশ করেছেন এবং সমাজমাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

জিতু কামাল জানান, দীর্ঘদিনের পরিচয় থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। একাধিক কাজের সময়ে বিপ্লব দাশগুপ্ত তাঁকে সাহায্য করেছিলেন এবং অনেক কিছু শিখিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তাঁর কণ্ঠস্বর ও স্পষ্ট উচ্চারণ দর্শকদের মুগ্ধ করত। বাংলা সিনেমা, থিয়েটার ও আবৃত্তির জগতে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ জীবনের সঙ্গে লড়াই শেষ! প্রয়াত আরও এক জনপ্রিয় অভিনেতা! ৬৪ বছর বয়সেই না ফেরার দেশে টেলিভিশন জগতের জনপ্রিয় শিল্পী!

জিতু বলেন, “উনি আমাকে এক অদ্ভুত নেশায় আসক্ত করেছিলেন—বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন হোটেলে থাকা এবং সেখানকার খাবারের স্বাদ গ্রহণ করা। ঘুরতে যাওয়ার এ এক ধরন, তা আগে জানতাম না। সত্যজিৎ রায় বা উত্তম কুমারের কণ্ঠ কপি করে কত মজার ঘটনা ঘটেছে, তা বলে শেষ করা যাবে না। বিপ্লবদা তুমিও একা করে দিলে! হাতে গোনা কিছু মানুষ এই ইন্ডাস্ট্রি নামক ফাটকা বাজারে আমার শক্তি। অশুভ শক্তি দমনে তুমিও তো ছিলে আমার এক শিক্ষক। কোন দিকে যাচ্ছি আমরা, কে জানে! ভাল থেকো বিপ্লবদা। দেখা হবে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি।”

Back to top button