‘অভাব কাকে বলে সেটা বাচ্চা পেটে দেখেছি…’ ‘ওই অবস্থাতেও তিন মাস পারিশ্রমিক দেয়নি…’ অন্তঃসত্ত্বা অবস্থায় জোটেনি পারিশ্রমিক! নাম না করে লীনা গাঙ্গুলী সহ ম্যাজিক মোমেন্টসকে বিঁধলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়!

টলিউড (Tollywood) অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) অকালপ্রয়াণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্টুডিও পাড়া। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে জলে ডুবে রাহুলের মর্মান্তিক মৃত্যু নড়িয়ে দিয়েছে টলিউডের ভিত। এই ঘটনায় অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠায় আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন কড়া পদক্ষেপ নিয়েছে। টলিউড থেকে আপাতত ব্যান করা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়, তাঁর প্রযোজনা সংস্থা এবং অর্গানিক স্টুডিওকে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে কারও নাম উল্লেখ না করেই একটি অত্যন্ত আবেগপ্রবণ ও বিস্ফোরক পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি দীর্ঘ আট বছর আগের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যা পড়ে টলিউডের অনেক শিল্পী ও সাধারণ মানুষ রীতিমতো স্তম্ভিত। কনীনিকার এই পোস্টের পর নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর সময়কার ঘটনা।

কনীনিকা তাঁর পোস্টে জানিয়েছেন, প্রায় আট বছর আগে যখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন কাজ করার পরেও একটি প্রযোজনা সংস্থা তাঁর তিন মাসের পারিশ্রমিক আটকে দিয়েছিল। এমনকি স্পেশাল কমিটি বসিয়ে ঘোষণা করা হয়েছিল যে তাঁকে একটি টাকাও দেওয়া হবে না। অভিনেত্রীর অভিযোগ, সেই সময় শারীরিক অসুস্থতা আর গর্ভবতী অবস্থার সুযোগ নিয়ে তাঁর ওপর মানসিক ও আর্থিক নিপীড়ন চালানো হয়েছিল। আইনি পথে যাওয়ার পরামর্শ পেলেও নিজের সন্তানের স্বাস্থ্যের কথা ভেবে তখন তিনি লড়তে পারেননি।

আক্ষেপের সুরে অভিনেত্রী লিখেছেন যে, সেই সময় অভাব কাকে বলে তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। গর্ভে সন্তান নিয়ে দিনের পর দিন পারিশ্রমিক না পেয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত সেই লড়াইয়ের কথা এতদিন আড়ালেই রেখেছিলেন তিনি। কিন্তু রাহুল অরুণোদয়ের মৃত্যু এবং ইন্ডাস্ট্রির সাম্প্রতিক এই অরাজকতা দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না। আট বছর আগের সেই চাপা দেওয়া ক্ষোভ আজ জনসমক্ষে নিয়ে এলেন তিনি।

আরও পড়ুনঃ ‘আপনার মতন মহিলারা প্রাক্তনের নামে কুৎসা রটান, আবার তার থেকে সুবিধা পেলে পায়ের সামনে বসে পড়েন’ ‘ভুল করলে জুতো মুখে তুলে নেব’ মৌসুমী ভট্টাচার্যের মন্তব্যে চটলেন জিতু কমল! সর্বসমক্ষে মুখ খুললেন অভিনেতা!

কনীনিকা সরাসরি নাম না নিলেও সামাজিক মাধ্যমে কমেন্ট বক্সে সাধারণ মানুষ থেকে ইন্ডাস্ট্রির লোকজন একপ্রকার নিশ্চিত যে, তাঁর তীরের নিশানা ছিল লীনা গঙ্গোপাধ্যায় ও ম্যাজিক মোমেন্টস-এর দিকেই। কারণ ‘অন্দরমহল’ ধারাবাহিকটি চলাকালীনই কনীনিকা অন্তঃসত্ত্বা হয়েছিলেন এবং সেটি লীনারই প্রযোজনা ছিল। সব মিলিয়ে টলিউডের এই সংকটে কনীনিকার এই অভিযোগ নতুন করে বিতর্কের ইন্ধন জুগিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।

Back to top button