বছরের শুরুতেই গায়িকার কোল জুড়ে পুত্র সন্তানের আগমন! মা হলেন সারেগামাপা খ্যাত অদিতি মুন্সী!

রবিবারের সকালটা যেন আরও আলোকোজ্জ্বল হয়ে উঠল টলিপাড়ার জন্য। জনপ্রিয় কীর্তনশিল্পী ও বিধায়ক অদিতি মুন্সী প্রথমবারের মতো মা হলেন। বহু প্রতীক্ষার শেষে তাঁর কোল আলো করে এল পুত্রসন্তান। সকাল প্রায় দশটা নাগাদ সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের পাশাপাশি অনুরাগীদের মধ্যেও এই খবরে ছড়িয়ে পড়েছে আনন্দের জোয়ার।
অদিতি মুন্সীকে বাংলা চিনেছে তাঁর মিষ্টি হাসি আর কীর্তনের সুরে ভর করে। মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের মন জয় করার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি একজন দায়িত্বশীল শিল্পী ও জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অদিতি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল একটি জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতার বিচারকের আসনে, যেখানে তাঁর উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।
২০১৮ সালে তৃণমূলের পুরপিতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অদিতি। সেই সময় থেকেই এই জুটি সাংস্কৃতিক জগত ও রাজনৈতিক পরিসরে বেশ পরিচিত মুখ হয়ে ওঠে। বিয়ের প্রায় সাত বছর পর তাঁদের জীবনে এল এই নতুন অধ্যায়। সংসারের দায়িত্বের পাশাপাশি জনসেবার কাজেও তাঁরা বরাবরই সক্রিয়।
দেবরাজ চক্রবর্তী শুধু একজন জনপ্রতিনিধি নন, সংগীতপ্রেমী হিসেবেও তাঁর আলাদা পরিচিতি রয়েছে। রাজারহাট গোপালপুর এলাকার বিধায়ক হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তাঁর নিত্যদিনের কাজ। এবার সেই ব্যস্ত জীবনের মাঝেই তিনি পা রাখলেন পিতৃত্বের আনন্দে। পরিবারের ঘরে নতুন অতিথিকে ঘিরে খুশির আবহ।
আরও পড়ুনঃ ‘যে যার কপালে খায়, কেউ এগিয়ে যাচ্ছে সেটা দেখে আমার হিং’সা…’ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত সায়ক চক্রবর্তী? সর্বসমক্ষে কি বললেন অভিনেতা?
অদিতি মুন্সীর মা হওয়া শুধুই একটি ব্যক্তিগত সুখবর নয়, তাঁর অনুরাগীদের কাছেও এটি বিশেষ আনন্দের মুহূর্ত। কীর্তনের মঞ্চ থেকে বিধানসভা সব জায়গাতেই যাঁর দৃপ্ত উপস্থিতি, সেই অদিতির জীবনে শুরু হল এক নতুন সুরে বাঁধা অধ্যায়। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।

