‘তোমার না থাকাটা আমার কাছে একটা দুঃস্বপ্ন…’ ‘এক বছর কেটে গেল, আজও সব অবাস্তব মনে হয়…’ ‘ছোট মেয়ে হয়ে থাকার অধিকারটাও হারিয়ে ফেললাম!’ পিতৃ বিয়োগের এক বছর! বাবার কথা মনে পড়তেই চোখে জল সম্পূর্ণা লাহিড়ীর!

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও টলিপাড়ায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন তিনি। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেত্রীর বাবা তথা প্রবীণ অভিনেতা নীলাদ্রি লাহিড়ী (Niladri Lahiri)। বাবার মৃত্যুর পর থেকে জীবনটা অনেকটাই বদলে গেছে সম্পূর্ণার। দেখতে দেখতে বাবার প্রয়াণের এক বছর পূর্ণ হতেই সমাজমাধ্যমে একটি অত্যন্ত আবেগঘন বার্তা ভাগ করে নিয়ে নিজের মনের অন্তহীন যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া পোস্টে বাবার স্মৃতিতে তর্পণ করে সম্পূর্ণা লিখেছেন, “তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর এক বছর কেটে গেল, তবুও সব যেন এখনো অবাস্তব মনে হয়। জীবন আর আগের মতো নেই। যে দিনটায় তুমি চলে গেলে, অজান্তেই আমাকে রাতারাতি বড় বানিয়ে দিয়ে গেলে। হঠাৎ করেই এমন সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হলো যা কখনো ভাবিওনি, আর তোমার সেই ছোট মেয়েটি হয়ে থাকার অধিকারটাও হারিয়ে ফেললাম।”

বাবার এই এক বছরের অনুপস্থিতি এবং হঠাৎ ঘাড়ে এসে পড়া দায়িত্ব অভিনেত্রীকে কীভাবে এক মুহূর্তে পরিণত করে তুলেছে, তা তাঁর এই লেখার মাধ্যমে স্পষ্ট ফুটে উঠেছে। বাবার আদর আর আশ্রয়ে যে মেয়েটি নিশ্চিন্তে জীবন কাটাত, বাবাকে হারিয়ে সেই মেয়েটিকেই আজ পরিবার ও নিজের জীবনের সমস্ত গুরুদায়িত্ব একা সামলাতে হচ্ছে। পিতৃশোকের সেই গভীর অনুভূতি ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, “একটা দিন, একটা মুহূর্তও এমন যায় না যখন তোমার কথা মনে পড়ে না। আমি যা-ই করি না কেন, তোমার অভাব সব কিছুতে অনুভব করি।”

তবে কেবল কষ্ট নয়, বাবার উপস্থিতি আজও নিজের চারপাশে অনুভব করেন সম্পূর্ণা। তিনি মনে করেন, শারীরিক উপস্থিতি না থাকলেও অদৃশ্য এক শক্তি হয়ে বাবা আজও তাঁকে প্রতিটি পদে গাইড করে চলছেন। অভিনেত্রীর কথায়, “হৃদয়ের গভীরে বিশ্বাস করি, তুমি এখনো আমার সাথেই আছো উপর থেকে নজর রাখছ, আগলে রাখছ, আর জীবনের প্রতিটি পদক্ষেপে নিঃশব্দে পথ দেখিয়ে চলছ। তুমি যেখানেই থাকো না কেন, এভাবেই আমার হাতটা ধরে রেখো। আমাকে এমন শক্তি দিও যেন আমি তোমাকে আর মাকে গর্বিত করতে পারি। সততা, দয়া আর ভালোবাসা দিয়ে সব দায়িত্ব পালন করার সাহস দিও, আর জীবন যাই নিয়ে আসুক না কেন, যেন সব সময় একজন ভালো মানুষ হয়ে থাকতে পারি।”

আরও পড়ুনঃ শিরিনের জামিন করাতে কারাগারে পারুল-রায়ান! পারুলের সাহায্য নিতে অস্বীকার করলো শিরিন! দুর্ধর্ষ আজকের পর্ব

বাবার আদর্শ ও শিক্ষা নিয়েই আগামী দিনে একজন সৎ ও ভালো মানুষ হিসেবে পথ চলার বার্তা দিয়েছেন সম্পূর্ণা। লেখার শেষভাগে বাবাকে নিজের পরম আশ্রয় ও প্রেরণা বলে অভিহিত করে সম্পূর্ণা লেখেন, “তুমি সব সময় আমার সুপারহিরো, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা, আমার আদর্শ আর আমার সব কিছু হয়েই থাকবে। আমাকে ভালোবাসার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য আর আজকের এই মানুষটিতে রূপ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বাবা। ভাষার সীমানার বাইরে গিয়ে তোমাকে মিস করি, বাবা। আবার যতক্ষণ না দেখা হচ্ছে…তোমায় চিরকাল ভালোবেসে যাব।” অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁর অনুরাগী ও সহকর্মীরাও সমবেদনা জানিয়েছেন এবং প্রবীণ অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন।

Back to top button