পাঁচ বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন! এত বছর কোথায় ছিলেন অভিনেত্রী? সেই গল্পই ভাগ করে নিলেন পায়েল রায়!

প্রায় পাঁচ বছর পর আবার বাংলা ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী পায়েল রায়। নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করেগা তে সুদর্শনার চরিত্রে দর্শকের সামনে হাজির তিনি। অম্বরীশ ভট্টাচার্যের স্ত্রীর ভূমিকায় তাঁর এই প্রত্যাবর্তন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। পরিণত অভিনয় ও সংযত অভিব্যক্তিতে আবারও প্রমাণ করছেন নিজের অভিনয় ক্ষমতা।

এই দীর্ঘ বিরতির সময়ে পায়েল পুরোপুরি অভিনয় থেকে দূরে ছিলেন না। ছোটপর্দায় না থাকলেও হিন্দি ছবির পাশাপাশি ওয়েব সিরিজ এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে নিয়মিত কাজ করেছেন তিনি। সম্প্রতি ঋজু বিশ্বাসের সঙ্গে একটি শর্ট ফিল্মেও দেখা গিয়েছে তাঁকে। তবুও প্রশ্ন উঠছিল, এত বছর ধারাবাহিক থেকে দূরে থাকার কারণ কী।

এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য একেবারেই স্পষ্ট। পায়েলের কথায়, ছোটপর্দা তাঁর প্রথম প্রেম। ইচ্ছা করে দূরে থাকা নয়, বরং মনের মতো চরিত্র না পাওয়াই ছিল মূল কারণ। তিনি মনে করেন, শুধু পর্দায় থাকার জন্য কোনও চরিত্রে অভিনয় করার মানে নেই। চরিত্রের গভীরতা ও মানসিক টান থাকাটা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সুদর্শনা চরিত্রটি সেই জায়গাতেই তাঁকে টেনেছে বলে জানালেন পায়েল। এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জায়গা পেয়েছেন তিনি। তার উপর লীনা গঙ্গোপাধ্যায়ের মতো নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ তাঁর কাছে বিশেষ প্রাপ্তি। পাশাপাশি অম্বরীশ ভট্টাচার্যের মতো সহ অভিনেতা থাকলে প্রতিটি দৃশ্য আরও জীবন্ত হয়ে ওঠে বলেও মত তাঁর।

আরও পড়ুনঃ ‘তোমরা ওর জন্য প্রার্থনা করো…’- প্রিয়জনের অসুস্থতায় ভেঙে পড়েছেন ইমন! কার জন্য প্রার্থনা করছেন গায়িকা?

২০০৯ সালে চারুলতা ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন পায়েল। প্রথম কাজেই দর্শকের নজর কেড়েছিলেন তিনি। যদিও পরে তাঁকে খুব নিয়মিত ছোটপর্দায় দেখা যায়নি। নায়িকা হওয়ার দৌড়ে না ছুটে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। তাই চরিত্রের ওজন আর গল্পের টানেই আবার ছোটপর্দায় ফিরে এলেন পায়েল রায়।

Back to top button