‘অনির্বাণের মতন অভিনেতাদের কিছুদিনের জন্য থমকে যেতে হয়!’ হঠাৎ কেন এমন মন্তব্য করলেন অভিনেতা চন্দন সেন?

টলিউডের (Tollywood) অন্যতম শক্তিশালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) ঘিরে গত কয়েক মাস ধরেই সরগরম টলিপাড়া। বর্তমানে বড় পর্দা বা সিরিজ কোথাও সেভাবে দেখা যাচ্ছে না তাকে। অভিনয়ের মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে তিনি এখন মগ্ন রয়েছেন তার মিউজিক্যাল ব্যান্ড ‘ক্যাপ্টেন হারলক’ নিয়ে। তবে অনির্বাণের এই সাময়িক অনুপস্থিতি বা তাকে ‘একঘরে’ করার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন প্রবীণ অভিনেতা চন্দন সেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে চন্দন সেন অনির্বাণের এই পরিস্থিতিকে অত্যন্ত অন্যায় বলে অভিহিত করেছেন। নিজের অতীতের অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, ‘অভিনেতাদের কিছুদিনের জন্য থমকে যেতে হয় কিন্তু চিরকালের জন্য থমকাতে পারবেন না। আমি একবার পড়েছিলাম আর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত আমি জানি।’
অনির্বাণের হয়ে যারা ক্ষমা চাইছেন, তাদেরও একহাত নিয়েছেন চন্দন সেন। তিনি মনে করেন, এতে অনির্বাণের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তার ভাষায়, ‘অনির্বাণ তো একা ছিল না। এই যতজন দাঁড়িয়ে আজকাল ক্ষমা চাইছেন তারা সবাই ছিলেন, পালিয়ে গেলেন কেন? ও যখন মনে করেছিল এতগুলো লোকের সঙ্গে দাঁড়িয়ে ঠিক, এবং সে ওখানেই দাঁড়িয়ে আছে, ও তো বলেনি ওটা ভুল করেছে।’ চন্দন সেনের বিশ্বাস, এই কঠিন অভিজ্ঞতাই অনির্বাণকে ভবিষ্যতে আরও পরিণত করবে। তিনি বলেন, ‘পরবর্তী ক্ষেত্রে যখন অনির্বাণ ফেরত আসবে তখন এগুলোর অভিজ্ঞতার ফলে যে শার্পনেসটা তৈরি হতো সেটা অনেক বেটার হবে।’
অনির্বাণ বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও ইন্ডাস্ট্রির শীর্ষ তারকাদের ভরসা হারাননি। টলিউডের সুপারস্টার দেব এবং প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে অনির্বাণের সঙ্গে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা দুজনেই অনির্বাণের মেধা ও অভিনয়ের প্রতি সম্মান জানিয়ে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। যা থেকে স্পষ্ট যে, অনির্বাণকে কোনো নির্দিষ্ট মহল নিষিদ্ধ করতে চাইলেও ইন্ডাস্ট্রির বড় অংশ এখনো তার ফেরার অপেক্ষায়।
আরও পড়ুনঃ ‘একগাদা গয়না কিনছে, সেই গয়নার ভিডিও মানুষকে দেখাচ্ছে এটা কনটেন্ট? এগুলো নিম্ন রুচির কনটেন্ট, এরা কনটেন্ট বানান জানে?’ অনন্যা গুহ, দেবলীনা নন্দীর নাম না করেই কটাক্ষ ছুড়ে দিলেন নন্দিনী ভট্টাচার্য?
আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থেকে নিজের ব্যান্ড নিয়েই ব্যস্ত অনির্বাণ। বিভিন্ন স্টেজ শো এবং নতুন গান তৈরির মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে চন্দন সেনের মতো অভিজ্ঞ অভিনেতাদের সমর্থন এবং দেব-শুভশ্রীর মতো তারকাদের সদিচ্ছা ইঙ্গিত দিচ্ছে যে, অনির্বাণের এই নিষিদ্ধ অধ্যায় খুব দ্রুতই শেষ হতে চলেছে।

