শার্লির জন্মদিনে বউকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিষেক! ‘আমি তোমাকে ভালোবাসি বউ’- আবেগঘন বার্তায় ভাসল নেটপাড়া!

টেলিভিশনের পর্দায় যাঁদের পরিচয় হয়েছিল, বাস্তব জীবনে সেই প্রেম আজ পরিণতি পেয়েছে বিয়েতে। চলতি বছরেই চুপিসারে আইনি বিয়ে সেরেছেন অভিনেতা অভিষেক বসু ও শার্লি মোদক। ফুলকি ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার গল্প। পর্দায় রোহিতের প্রাক্তন স্ত্রীর চরিত্রে শার্লিকে দেখা গেলেও বাস্তব জীবনে তিনিই অভিষেকের জীবনের নায়িকা। আর সেই নায়িকার জন্মদিনে ভালোবাসার রঙে দিনটা সাজিয়ে তুললেন স্বামী অভিষেক নিজেই।
জন্মদিন উপলক্ষে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন শার্লি। ছবিতে দেখা যায় সিঁড়ির সামনে রাখা সোফায় পাশাপাশি বসে রয়েছেন শার্লি ও অভিষেক। চারদিক জুড়ে বেলুনের সাজ, সামনে রাখা লাল রঙের রেড ভেলভেট কেক, কেকের চারপাশে আলো সাজানো। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে বসে থাকা তারকা দম্পতির চোখে মুখে ধরা পড়েছে গভীর ভালোবাসা। জন্মদিনের দিন গোলাপি রঙের হুডি ও সাদা জিন্সে নজর কাড়েন শার্লি, আর অভিষেক ছিলেন কালো রঙের টি শার্টে।
এই ছবিগুলি শেয়ার করে শার্লি আবেগঘন ক্যাপশনে লেখেন যে তিনি তাঁর স্বামীকে বারবার ভালোবাসেন এবং অভিষেক তাঁর দিনটিকে অসাধারণ করে তুলেছেন। পাশাপাশি তিনি তাঁর বাবা মা দিদি এবং সোশ্যাল মিডিয়া পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শার্লির এই পোস্টে মুহূর্তের মধ্যেই ভালোবাসার কমেন্টে ভরে ওঠে নেটমাধ্যম। তবে সবচেয়ে নজর কেড়েছে অভিষেকের লেখা দীর্ঘ ও হৃদয়ছোঁয়া মন্তব্য।
অভিষেক লেখেন যে শার্লির জন্য করা প্রতিটি প্রচেষ্টাই তাঁর কাছে কম মনে হয়। প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ ও ভালো সঙ্গী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। নিজের ভুল শুধরে নেওয়ার কথাও অকপটে স্বীকার করেন অভিনেতা। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেন শার্লির সাফল্য ও গৌরবের জন্য এবং নিজেকে তাঁর পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার আশীর্বাদ চান। মন্তব্যের শেষ লাইনে লেখা আমি তোমাকে ভালোবাসি বউ, যা ভক্তদের মন ছুঁয়ে যায়।
আরও পড়ুনঃ ২০২৬-এ আবার প্রত্যাবর্তন! তিনটি বিয়ে ও এক পরকীয়ায় বাঁধা অভিনেতার জীবন! ফিরছেন অর্জুন চক্রবর্তী!
উল্লেখ্য গত ২৯ এপ্রিল একেবারে ছিমছামভাবে আইনি বিয়ে সারেন এই জুটি। বিয়ের আগে কাউকে কিছু বুঝতে দেননি তাঁরা। আইনি বিয়ে হলেও সামাজিক অনুষ্ঠান এখনও হয়নি। যদিও রেজিস্ট্রি সেরে মালাবদল ও সিঁদুরদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি এক জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনেও বর কনের সাজে দেখা গিয়েছে দুজনকে। বাস্তবে কবে সামাজিক বিয়ের আসর বসবে, সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁদের অনুরাগীরা।

