লীনা গাঙ্গুলীর ধারাবাহিকে সৌমির প্রত্যাবর্তন! ফের ছোট পর্দায় ফিরছেন মিঠাই? কি বলছেন অভিনেত্রী?

দর্শকদের প্রিয় মিঠাইরানি সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে ফের নতুন জল্পনা। টলিউডের অন্দরে কানাঘুষো— খুব শিগগিরই নাকি লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে ফিরছেন তিনি। খবরটা সামনে আসতেই খুশিতে ফেটে পড়েন ভক্তরা। কারণ দীর্ঘদিন ছোট পর্দা থেকে দূরে রয়েছেন সৌমিতৃষা, আর মিঠাই–এর পর তাঁকে মিস করেছেন বহু দর্শক। তবে এই আনন্দে জল ঢেলে নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী— পুরো খবরটাই ভুল।
জি বাংলার মিঠাই ধারাবাহিকই সৌমিতৃষাকে এনে দিয়েছিল রাজ্যজোড়া জনপ্রিয়তা। পাঁচচল্লিশ বা পঞ্চাশ নয়, টানা তিপ্পান্ন সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই মেগা। পরকীয়া বা অতিরঞ্জিত নাটকীয়তা ছাড়াই, শুধুই পরিবারের সহজ–সরল গল্প বলেই মিঠাই জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। সঙ্গে সৌমিতৃষা এবং আদৃতের জুটিও ছিল বাড়তি আকর্ষণ। ধারাবাহিক শেষ হতে না হতেই সৌমিতৃষার হাতে আসে বড় সুযোগ— দেবের সঙ্গে বড় পর্দায় ডেবিউ। এরপর পরপর সিনেমা এবং ওয়েব সিরিজে ব্যস্ত ছিলেন তিনি।
সম্প্রতি কালরাত্রি ২ এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি আজকাল রান্না ও বেকিংয়ের ভ্লগ করেও দর্শকদের মন জিতছেন তিনি। তবু সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে তাঁর ছোট পর্দায় ফেরার খবর। বিষয়টি পরিষ্কার করতে যোগাযোগ করা হলে সৌমিতৃষা স্পষ্ট জানিয়ে দেন— “একটি ভুয়ো পোর্টাল থেকেই এই খবর তৈরি হয়েছে। আমি বুঝতে পারছি না, মানুষ কেন এদের কথা এত গুরুত্ব দিচ্ছে।”
তার ওপর বছরটা সৌমিতৃষার জন্য সহজ ছিল না। প্রথমে কিডনিতে পাথর, পরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি অসুস্থতার কারণে। ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য মন্দিরে পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন।
আরও পড়ুনঃ ‘গান গাওয়ার সময় কখন শাড়ির আঁচল সরে গেল, অত নজর থাকে না…’- গাইতে গাইতে সরে যাচ্ছে শাড়ির আঁচল? ধেয়ে এলো কটাক্ষ! প্রত্যুত্তরে কি বললেন পৌষালী?
এখন ধীরে ধীরে সেরে উঠছেন অভিনেত্রী। আপাতত বিশ্রামেই সময় কাটছে ডাক্তারদের নির্দেশে। ছোট পর্দায় ফেরা নিয়ে জল্পনা যতই দেখা দিক, সৌমিতৃষা জানিয়ে দিয়েছেন— তিনি এখনো কোনো নতুন ধারাবাহিকের সঙ্গে যুক্ত হননি। তবে ভক্তরা এখনও আশায়— খুব তাড়াতাড়ি যেন আবার পর্দায় দেখা মেলে তাঁদের আদরের মিষ্টি মেয়েটির।

