‘আমরা দুই থেকে তিনের পথে…’ তৃতীয় বিবাহবার্ষিকীতে বিরাট সুখবর! মা হতে চলেছেন সোহিনী সরকার! অভিনেত্রীর বেবি বাম্প আগলে সেই বার্তাই দিলেন স্বামী শোভন গঙ্গোপাধ্যায়?

অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় তাঁদের বিবাহবার্ষিকীর দিন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের অন্যতম সুখবর। দীর্ঘদিন ধরে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চললেও এতদিন এ বিষয়ে তাঁরা কিছু জানাননি। অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন, খুব শিগগিরই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে…’।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে সাদা মাতৃত্বকালীন পোশাকে দেখা যায় সোহিনীকে। তাঁর পাশে দাঁড়িয়ে স্নেহভরে বেবি বাম্পে হাত রেখে রয়েছেন শোভন। আসমানি রঙের কুর্তায় ধরা দেন গায়ক, আর খোলা চুলে লাল ফুল গুঁজে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তারকা দম্পতিকে।
তবে এই সুখবর সামনে আসতেই অনেকের মনে পড়ে যায় ২০২৪ সালের একটি আলোচিত মন্তব্য। আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদ জানাতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সোহিনী। সেই সময় একটি গণকনভেনশনে তিনি বলেছিলেন, দেশের নিরাপত্তা ও দুর্নীতির পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে তিনি তখন সন্তান আনার কথা ভাবতে পারছেন না। তাঁর সেই মন্তব্য নিয়ে সে সময় বিস্তর আলোচনা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে সেই পুরনো মন্তব্যের প্রসঙ্গ আবার সামনে এলেও, এবার সোহিনী ও শোভনের জীবনে নতুন আনন্দের সূচনা হয়েছে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তাঁরা। এই সুখবরের মাধ্যমে স্পষ্ট, এখন মাতৃত্বের নতুন অভিজ্ঞতাকে স্বাগত জানাতে প্রস্তুত অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘শেষে AI না দিলে কি চলছিল না?’ ‘ক্যামেরাম্যান পালিয়েছে নাকি?’ ‘আর বোধহয় বাজেট নেই…’ নায়িকার বদলে AI? লক্ষ্মী ঝাঁপি’-র প্রোমো নিয়ে সমালোচনার মুখে চ্যানেল কর্তৃপক্ষ!
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিবাহবার্ষিকীর দিন সন্তান আগমনের খবর জানিয়ে তাঁরা অনুরাগীদের চমকে দিয়েছেন। টলিউডের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য শুভানুধ্যায়ী তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

