‘গাড়ি থেকে নেমে নোংরা অঙ্গভঙ্গি করছে…এটা কেমন ব্যবহার?’ গান চলাকালীন মঞ্চ থেকে নামতে বলল পুলিশ! সেন্ট্রাল পার্কের অনুষ্ঠানে ক্ষোভ উগরে দিলেন শিলাজিৎ!

সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন গায়ক শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। শুক্রবার রাতে সেখানে প্রায় দেড় ঘণ্টা ধরে চলছিল তাঁর সঙ্গীত পরিবেশনা। গায়কের দাবি, অনুষ্ঠানটি বেশ জমে উঠেছিল এবং দর্শকরাও তা উপভোগ করছিলেন। কিন্তু ঠিক সেই সময়েই মঞ্চের সামনে এসে দাঁড়ান এক পুলিশ অফিসার এবং তাঁকে মঞ্চ থেকে নেমে যাওয়ার ইঙ্গিত দেন বলে অভিযোগ।
শিলাজিতের কথায়, তখন তিনি ‘সর্বনাশ’ গানটি গাইছিলেন এবং ঘড়িতে রাত প্রায় ১০টা ৫০। সেই সময় একটি পুলিশ গাড়ি এসে থামে। সেখান থেকে নেমে এক অফিসার সামনে এগিয়ে এসে নানা অঙ্গভঙ্গি করে তাঁকে মঞ্চ থেকে নামতে বলেন। গায়কের মতে, এই ধরনের আচরণ ঠিক নয়। তাঁর বক্তব্য, গানটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই পরিস্থিতি আরও স্বাভাবিকভাবে সামলানো যেত।
তবে ওই ঘটনার পরেও দর্শকদের কথা ভেবে গান থামাননি শিলাজিৎ। গান শেষ করার পর মঞ্চ থেকেই তিনি ওই অফিসারের উদ্দেশে নিজের বক্তব্য জানান। তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মঞ্চে গান গাইছেন এবং সময় সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে। তখনও রাত ১১টা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে শিলাজিৎ পুরো ঘটনার কথা বলছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। তাঁর দাবি, অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে, সেই সময়সীমা মাথায় রেখেই তিনি অনুষ্ঠান শুরু করেছিলেন।
আরও পড়ুনঃ ‘আমরা অনেকক্ষণ না খেয়ে ছিলাম…’ ‘কাঠের জালে রান্না করেছি…’ গ্যাস সংকটে বিপাকে কনীনিকা বন্দ্যোপাধ্যায়!
এই ঘটনার পর শিল্পীদের সঙ্গে এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিলাজিৎ। তাঁর মতে, শিল্প ও সংস্কৃতি সমাজকে সমৃদ্ধ করে, তাই শিল্পীদের প্রতি সম্মান দেখানো জরুরি। কেন বারবার শিল্পীদেরই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

