মাতৃদিবসে আবেগে ভাসলেন টলিউড তারকারা! মাকে ঘিরে স্মৃতিচারণ! ভালোবাসা আর না বলা কষ্টে ভরে উঠল সোশ্যাল মিডিয়া!

মাতৃদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি ভালোবাসা ও আবেগ উজাড় করে দিলেন টলিউডের একাধিক তারকা। কেউ হারানো মাকে স্মরণ করেছেন, কেউ আবার নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে তুলে ধরেছেন মাকে। ব্যক্তিগত স্মৃতি, শূন্যতা আর কৃতজ্ঞতায় ভরা পোস্টে ভরে ওঠে সমাজমাধ্যম। তারকাদের এই আবেগঘন বার্তা ছুঁয়ে যায় অনুরাগীদেরও।
অভিনেত্রী সুদীপা মায়ের মৃত্যুর পর জীবনের বদলে যাওয়া মুহূর্তগুলোর কথা তুলে ধরেছেন তাঁর পোস্টে। তিনি জানান, মা চলে যাওয়ার পর উৎসব, পারিবারিক আড্ডা কিংবা ছোট ছোট আনন্দগুলো আর আগের মতো লাগে না। পরিবারের সম্পর্কের বদল, সময়ের সঙ্গে বড় হয়ে ওঠা এবং মাকে প্রতিদিন মনে পড়ার কথাই উঠে এসেছে তাঁর লেখায়। মায়ের অনুপস্থিতি এখনও যে গভীরভাবে অনুভব করেন, সেটাই স্পষ্ট হয়েছে তাঁর পোস্টে।
আরও পড়ুন: মাকে ছাড়া প্রথম মাতৃ দিবস! চোখে জল নিয়ে আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর! কি লিখলেন অভিনেত্রী?
অভিনেত্রী চান্দ্রেয়ীও মায়ের সঙ্গে নিজের আবেগের সম্পর্ক ভাগ করে নিয়েছেন। ছোটবেলার যত্ন, পরিবারের কঠিন সময়ে মায়ের লড়াই এবং নিঃস্বার্থ ভালোবাসার কথা উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে অভিনেত্রী ঋদ্ধিমা নিজের সন্তানের সঙ্গে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করে মাতৃত্বের অনুভূতির কথা জানান। মা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও ভাগ করেছেন তিনি।
অভিনেতা সায়নদীপ মাতৃদিবসে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা ও স্ত্রী রূপসাকে। তিনি লেখেন, জীবনের প্রতিটি ধাপে মা যেমন পাশে থেকেছেন, তেমনই এখন নিজের সন্তানকে বড় করতে গিয়ে স্ত্রীর সংগ্রামও কাছ থেকে দেখছেন তিনি। একইভাবে অভিনেতা সুদীপ সরকারও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ দুই মায়ের কথা উল্লেখ করে আবেগঘন বার্তা দেন। বাবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও মায়ের জায়গা যে আলাদা, সেই কথাই তুলে ধরেছেন তিনি।
অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ও মাতৃদিবসে নিজের বিশেষ অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, শুধু জন্মদাত্রী মা নন, জীবনের পথে বহু মানুষ তাঁকে মায়ের মতো ভালোবাসা দিয়েছেন। রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় যাঁরা আশীর্বাদ ও স্নেহে আগলে রাখেন, তাঁদের সকলকেই মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টলিউড তারকাদের এই আবেগমাখা পোস্টে মাতৃদিবস আরও বিশেষ হয়ে উঠেছে অনুরাগীদের কাছে।

