মাকে ছাড়া প্রথম মাতৃ দিবস! চোখে জল নিয়ে আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর! কি লিখলেন অভিনেত্রী?

এ বছর মাতৃ দিবসটা সুদীপ্তা চক্রবর্তীর কাছে একেবারেই অন্যরকম। গত ২ এপ্রিল মা দীপালি চক্রবর্তীকে হারিয়েছেন তিনি ও তাঁর দুই দিদি বিদীপ্তা এবং বিদিশা। অভিনেতা রাহুলের মৃত্যুর কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তাঁদের মা। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় তাঁর।
মায়ের চলে যাওয়ার পর এটাই সুদীপ্তার প্রথম মাতৃ দিবস। তাই দিনটা যে তাঁর কাছে কতটা কঠিন, তা স্পষ্ট হয়েছে অভিনেত্রীর সমাজমাধ্যমের পোস্টে। রবিবার সকালে মায়ের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নেন তিনি। সেই ছবিগুলিতে কখনও দেখা গিয়েছে মমতা শঙ্করের সঙ্গে দীপালি চক্রবর্তীকে, আবার কোথাও দেব বা রুক্মিণীর সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে তাঁকে।
পোস্টে সুদীপ্তা আরও কিছু পুরনো ছবিও শেয়ার করেন, যেখানে তরুণী দীপালি চক্রবর্তীর স্মৃতি ধরা পড়েছে। ছবিগুলির সঙ্গে অভিনেত্রী লেখেন, মাকে ছাড়া এই প্রথম মাতৃ দিবস পালন করতে হচ্ছে তাঁকে। সেই শূন্যতা খুবই কষ্ট দিচ্ছে। তবুও জীবন থেমে থাকে না বলেই তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: শপথ গ্রহণ মঞ্চে জিৎ! শুরু রাজনৈতিক জল্পনা! ‘দিদির শপথ গ্রহণেও আমি ছিলাম…’ নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউডের বস!
সুদীপ্তা জানান, এদিন তিনি মঞ্চে ‘বিনোদিনী অপেরা’ পরিবেশন করবেন এবং সেই অনুষ্ঠান উৎসর্গ করবেন তাঁর বাবা ও মায়ের স্মৃতিতে। অভিনেত্রীর বিশ্বাস, তাঁরা যেখানেই থাকুন না কেন, তাঁকে দেখছেন এবং আশীর্বাদ করছেন। তাঁর এই আবেগঘন পোস্ট দেখে অনেকেই সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন।
দীপালি চক্রবর্তী ছিলেন একজন পরিচিত ওড়িশি নৃত্যশিল্পী এবং নৃত্যশিক্ষিকা। তিনি প্রয়াত নাট্যব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিন মেয়ে সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশাকে নিয়ে সংসারের দায়িত্ব সামলেছিলেন তিনিই। মেয়েদের শিল্পীজীবনে প্রতিষ্ঠিত করার পিছনেও তাঁর বড় ভূমিকা ছিল বলে পরিবার সূত্রে জানা যায়।

