আসছে জি বাংলার নতুন মেগা ‘অন্নপূর্ণা আর লক্ষ্মীরা’! অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর জি বাংলার হাত ধরে ফিরছে স্বস্তিকা ঘোষ! বিপরীতে জুটি বাঁধছেন টলিপাড়ার জনপ্রিয় নায়ক!

টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জনের সুর। মেগা সিরিয়ালের চেনা ছকে এবার ধরা দিতে চলেছে বাস্তবের এক কঠিন লড়াইয়ের গল্প। সম্পর্কের টানাপোড়েন আর সাংসারিক কূটকচালি সরিয়ে রেখে, এক মা এবং তাঁর তিন কন্যার ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে শীঘ্রই শুরু হতে চলেছে এক নতুন মেগা (New Serial)।
সমাজের দৃষ্টিভঙ্গিতে আজও কি মেয়েদের স্থান পুত্রসন্তানের নীচে? এই প্রশ্নই যেন আরও একবার বড় হয়ে দাঁড়িয়েছে এই নতুন সিরিয়ালের হাত ধরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র এক মা, যার নাম অন্নপূর্ণা। পুত্রসন্তান জন্ম দিতে না পারার অপরাধে যাঁকে তিলে তিলে সইতে হয়েছে লাঞ্ছনা। একদিন তাঁর স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু অন্নপূর্ণা ভেঙে পড়েননি। একাই তাঁর তিন কন্যাসন্তানকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নেন। লড়াইটা ছিল অস্তিত্বের, আর সেই লড়াইয়ের নামই ‘অন্নপূর্ণা আর লক্ষ্মীরা’।
মা অন্নপূর্ণার চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁর তিন মেয়ের চরিত্রে থাকছেন ছোটপর্দার পরিচিত তিন মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায়, প্রিয়দর্শিনী এবং স্বস্তিকা ঘোষ। বিশেষ করে স্বস্তিকাকে নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রায় চার বছর ধরে ‘অনুরাগের ছোঁয়া’র দীপা হিসেবে তিনি শাসন করেছেন দর্শকদের মন। দীর্ঘ বিরতির পর আবারও একটি চ্যালেঞ্জিং চরিত্রে ফিরছেন তিনি।
তবে এই মেগার সবথেকে বড় সারপ্রাইজ লুকিয়ে রয়েছে এর কাস্টিংয়ে। দীপা অর্থাৎ স্বস্তিকার বিপরীতে অভিনেতা হিসেবে কে থাকছেন, তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অবশেষে সেই পর্দা সরল। দর্শকদের জন্য বড় চমক হলো, এই ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে দেখা যাবে ‘জগদ্ধাত্রী’র জনপ্রিয় নায়ক স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। সৌম্যদীপকে এখানে দেখা যাবে সম্পূর্ণ অন্য মেজাজে। মা-অন্তঃপ্রাণ এক যুবকের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সৌম্যদীপ ও স্বস্তিকার এই ফ্রেশ জুটিকে দেখতে দর্শকরা মুখিয়ে আছেন।
আরও পড়ুনঃ ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী প্রীতি! ছোট্ট আয়ুর কী হলো? বড় বিপদের মুখে রাহুল প্রীতির সন্তান?
শুরু হতে চলেছে শুটিং। খুব শীঘ্রই এই নতুন ধারাবাহিক এবং তারকার মেলা নিয়ে হাজির হতে চলেছে জি বাংলা। এখন দেখার, জগদ্ধাত্রী ও দীপা দুই সুপারহিট ধারাবাহিকের নায়ক-নায়িকা যখন এক ফ্রেমে, তখন টিআরপি তালিকায় কতটা ঝড় তোলে এই লড়াকু মা আর তাঁর লক্ষ্মীরা।

