শোভনের সঙ্গে বিচ্ছেদের পরও ভালোবাসা অটুট! কেমন প্রেমে বিশ্বাসী স্বস্তিকা দত্ত? গোপনে কি কেউ বাসা বেঁধেছে অভিনেত্রীর মনে?

ডিসেম্বরের শহরে শীতের হাওয়া বইছে, রোদের উষ্ণতায় যেমন মন ভরে ওঠে, তেমনই প্রেমের উষ্ণ স্পর্শ খুঁজছে স্বস্তিকা দত্তর হৃদয়। টলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী এখন সিরিজ, সিনেমা এবং টেলিভিশন মিলিয়ে কাজের সোনালি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই তাঁর সাবলীল উপস্থিতি নজর কাড়ছে দর্শকের। আপাতত কাজই তাঁর ধ্যান জ্ঞান হলেও, এক সময় প্রেম ভাঙার যন্ত্রণাও ছুঁয়ে গিয়েছিল তাঁকে। তবুও সেই অভিজ্ঞতা তাঁকে ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারাতে শেখায়নি, বরং আরও পরিণত করেছে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বস্তিকা খোলাখুলি নিজের ভাবনার কথা জানিয়েছেন। তাঁর কথায়, এই শীতের শহরে প্রেম করতে ইচ্ছে করলেও এখনই প্রেমে ডুবে গেলে কাজের ক্ষতি হতে পারে। নিজেকে তিনি খুবই ইমোশানাল এবং একই সঙ্গে ভীষণ সাংসারিক মানুষ বলে মনে করেন। জেন জি ধরনের ক্ষণস্থায়ী প্রেমে তিনি বিশ্বাসী নন। বরং তাঁর মতে, ভালোবাসার মূল ভিত্তি কথোপকথন। ভালোবাসায় ভালো ভাষার গুরুত্ব অপরিসীম। সম্পর্কের শুরু যেমন কথায়, শেষও তেমন কথাতেই হয় বলে মনে করেন অভিনেত্রী।
এক সময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে সরগরম ছিল টলিপাড়া। একসঙ্গে ঘুরতে যাওয়া, মাঝরাতে চায়ের দোকানে সময় কাটানো, সব মুহূর্তই তাঁরা সমাজমাধ্যমে ভাগ করে নিতেন। প্রেমের শুরুতেই তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। এমনকি বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন স্বস্তিকা, যদিও ধীরে ধীরে নিজেকে সামলে আবার কাজে মন দেন তিনি।
বর্তমানে শোভন সুখে সংসার করছেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে। অন্যদিকে স্বস্তিকা নিজের জগতে, নিজের গতিতে এগিয়ে চলেছেন। অতীতের অভিজ্ঞতা তাঁকে থামিয়ে দিতে পারেনি। বরং সেই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন কীভাবে নিজেকে আরও শক্ত করে গড়ে তুলতে হয়। প্রেমে বিশ্বাস হারাননি, শুধু নিজেকে আর নিজের সময়কে আরও বেশি গুরুত্ব দিতে শিখেছেন।
আরও পড়ুনঃ চির নিদ্রায় পাঁচ বছরের ছোট্ট শিশু! ছেলেকে হারালেন জনপ্রিয় পরিচালক! শোকের ছায়া টলিপাড়ায়!
কাজের দিক থেকে স্বস্তিকা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জীতে নাম ভূমিকায় দর্শকের মন জয় করছেন তিনি। পাশাপাশি আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন বনি সেনগুপ্ত। এছাড়াও অভিনয়ে দেখা যাবে মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, অনামিকা সাহা, শ্রুতি দাস সহ আরও বহু তারকাকে। কাজ আর নিজস্ব বিশ্বাসের জোরেই স্বস্তিকা দত্ত এগিয়ে চলেছেন নিজের পথ ধরে।

