মেয়ের গাউন হাতে নিয়ে হাঁটছেন বাবা! ‘চিরসখা’র মিঠি-স্বতন্ত্রর অফ-স্ক্রিন রসায়ন মন জয় করে নিলো দর্শকদের!

অভিনয়ের খাতিরে কত সম্পর্কই না তৈরি হয় ক্যামেরার সামনে, কিন্তু কিছু সম্পর্ক পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তবের মাটিতেও মায়া ছড়িয়ে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক দৃশ্য ধরা পড়ল ‘চিরসখা’ (Chirosokha) ধারাবাহিকের জনপ্রিয় জুটি ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya) এবং সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) মধ্যে। পর্দার বাবা-মেয়ের এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে মুগ্ধ অনুরাগীরা।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি জমকালো অনুষ্ঠানের মাঝে অভিনেতা সুদীপ মুখার্জি তার রিল-লাইফ কন্যা ঐশী ভট্টাচার্যের লম্বা মেরুন রঙের গাউনটি সযত্নে হাতে তুলে ধরেছেন। মেয়ে যাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে এবং ভিড়ের মধ্যে হোঁচট না খায়, সেই লক্ষ্যেই বাবার মতো এই দায়িত্ব পালন করতে দেখা গেছে সুদীপকে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-তে ঐশী অভিনয় করছেন ‘মিঠি’ চরিত্রে এবং সুদীপ মুখার্জি রয়েছেন ‘স্বতন্ত্র’র ভূমিকায়। ধারাবাহিকেও তাদের মধ্যকার বাবা-মেয়ের নিবিড় সম্পর্ক দর্শকদের অত্যন্ত প্রিয়। তবে অনুষ্ঠানের এই অফ-স্ক্রিন ভিডিওটি প্রমাণ করে দিল যে, শুটিং সেটের বাইরেও তাদের মধ্যে এক সুন্দর অভিভাবকসুলভ স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছে।
ভিডিওটিতে কোনো এক ভদ্রমহিলাকে বলতে শোনা যায় “দেখুন বাবা তার মেয়ের কত খেয়াল রাখছে, মেয়ের জামাটা তো ধরে দিতেই হবে!”। সুদীপ যখন হাসিমুখে ঐশীর পোশাক ধরে হাঁটছিলেন, তখন ঐশীকেও বেশ আত্মবিশ্বাসী ও হাসিখুশি দেখাচ্ছিল। তাদের এই সাবলীল ভঙ্গিটিই ভিডিওর প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ ‘যাকে সহজেই পাওয়া যায়, তার প্রতি ভালোবাসা কমে যায়, যেমন আমি…’ সহজলভ্যতার যুগে হারানো আবেগ নিয়ে মুখ খুললেন রূপঙ্কর বাগচী!
ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই এর ভিউ সংখ্যা হু হু করে বাড়ছে। বর্তমানে এটি ৩ লক্ষ ১০ হাজারের বেশি মানুষ দেখেছেন। নেটিজেনরা কমেন্ট বক্সে সুদীপ মুখার্জির এই বিনয় ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন। অনেক ভক্তই লিখেছেন যে, বড় অভিনেতা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি, যা সুদীপ প্রমাণ করে দিয়েছেন।

