মাঝপথেই ছন্দপতন ‘মেয়েবেলা’র, প্রাইম টাইমে সন্ধ্যাতারার সময় ঘোষণা হতেই কপালে হাত মেয়েবেলার ভক্তদের!

বর্তমানে বাংলা টেলিভিশনে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। যার ফলে নতুনকে জায়গা দিতে পুরনোকে তার জায়গা ছেড়ে দিতে হচ্ছে। আর এর অন্যথা হচ্ছে না বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেল জি বাংলা এবং স্টার জলসাতেও। বলা চলে সম্প্রতি টেলিভিশনের সবচেয়ে বড় খবর হলো জি বাংলার ব্লকবাস্টার সিরিয়াল মিঠাই শেষ হচ্ছে আর সেটাও একটি নতুন ধারাবাহিক আসার ফলে। সকলেই জানেন মিঠাই এর জায়গা নিতে চলেছে ফুলকি। আর সেই একইভাবে স্টার জলসাতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক।
প্রায় একমাস আগে স্টার জলসায় তুঁতে ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে এনেছিল। স্লট ঘোষণা না করলেও অনেকেই মনে করছিল তুঁতে আসতে চলেছে প্রাইম টাইমে। আর সেটাই হয়েছে কিছুদিন আগেই তুঁতে ধারাবাহিকের সময় ঘোষণা করা হয়েছে। যেখানে দেখা গেছে ৫ই জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে সম্প্রচারিত হবে তুঁতে। যার ফলে গাঁটছড়াকে নিয়ে যাওয়া হয়েছে রাত্রি সাড়ে দশটা দশটার স্লটে আর শেষ হয়ে যাচ্ছে গোধূলি আলাপ ধারাবাহিকটি।
তারপরেই স্টার জলসার পর্দায় দেখা যায় সাহানা দত্তের আরো একটি নতুন ধারাবাহিকের প্রোমো। যেটির মাধ্যমে আবার একবার সকলের প্রিয় অন্বেষা হাজরা ফিরছেন ছোট পর্দায়। সন্ধ্যাতারা ধারাবাহিকের প্রোমো আসতেই দেখা গেছে দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসার গল্প নিয়েই আসবে এই ধারাবাহিক। তবে কেউ মনে করেনি যে এত তাড়াতাড়ি স্লট ঘোষণা করে দেওয়া হবে সন্ধ্যাতারা ধারাবাহিকের।
আজ সকাল সকাল স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে সন্ধ্যাতারার স্লট ঘোষণা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ১২ ই জুন থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। সেই শুনেই মাথায় হাত মেয়েবেলা ভক্তদের। কারন শুরুর আগে থেকেই এই ধারাবাহিক অত্যন্ত চর্চায় ছিল তবে ধারাবাহিকটি শুরুর পরে সেভাবে টিআরপি তালিকায় ভালো ফল করতে পারেনি। একবারের জন্য প্রতিপক্ষ গৌরী এলোর থেকে স্লট ছিনিয়ে নিতে পারেনি তার ফলেই হয়তো চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না মেয়েবেলা ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে নাকি অন্য কোন স্লটে দেওয়া হবে। তার কারণ এর আগেও দেখা গেছে মাত্র তিন মাসেই শেষ করে দেওয়া হয়েছে বৌমা একঘর, বালিঝড়ের মতো বিগ বাজেটে সিরিয়ালকে শুধুমাত্র টিআরপি কম থাকার কারণে। তবে কি সেই নামে জুড়তে চলেছে আরো একটি সিরিয়াল! নাকি অন্য কোন সিরিয়াল শেষ করে সেই জায়গা নিতে চলেছে মেয়েবেলা তা পরবর্তী দিনেই জানা যাবে।

