নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন গাঁটছড়ার নায়িকা! বাস্তব জীবনের “ঋদ্ধি” কেমন?

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একের পর এক বিয়ের খবর। এ বার টলিপাড়ার আর এক নায়িকা বিয়ে করতে চলেছেন আগামী মাসেই। বিয়ে করছেন গাঁটছড়া (Gaatchara) ধারাবাহিকের নায়িকা। সূত্র বলছে, আর খুব বেশি দেরি নেই। নভেম্বরের শেষ সপ্তাহেই চার হাত এক হবে।
এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি বললেন, “প্রস্তুতি তুঙ্গে। তবে আমার যে হেতু শুটিং চলছে, তাই দাদা, মামা, মাসিরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন।” বেশি দূরে নয়, বাড়ির কাছেই বসবে বিয়ের আসর। খুব বেশি দূরে যেতে হচ্ছে না তাঁকে।
অভিনেত্রী আরো বলেন, “বিয়েতে আমি সাবেকি সাজেই সাজব। লাল বেনারসি কেনা হয়ে গিয়েছে। আর মেনুতে থাকছে আমার প্রিয় বিরিয়ানি। বাকি তো আছেই চিংড়ি, ভেটকি।” সব মিলিয়ে বিয়ে নিয়ে বেশ রোমাঞ্চ অনুভব করছেন এই অভিনেত্রী তা বলাই বাহুল্য।
অভিনেত্রীর স্বামীর সঙ্গে যদিও অভিনয় জগতের কোনও যোগাযোগ নেই। তিনি যুক্ত মেডিক্যাল পেশার সঙ্গে। বিয়ে করে চন্দননগরে সংসার পাতবেন অভিনেত্রী। তিনি জানালেন শুটিংয়ের ফাঁকে ফাঁকেই গোছানোর চেষ্টা করছেন সব কিছু।

গাঁটছড়া ধারাবাহিকে খড়ি মারা যাওয়ার পর অন্য কাউকে সেই জায়গায় দেখতে চাননি দর্শক মহল। তারা চেয়েছিলেন ধারাবাহিকে ফিরে আসুক শোলাঙ্কি। তবে যখন শ্রীপর্ণা নায়িকা রূপে ফেরেন তখন খুব খুশি হয়েছিলেন ভক্তরা। আর এই বার অভিনেত্রী শ্রীপর্ণাকে রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে দেখবেন তারা।

