‘একেই তো ভেজ রেস্টুরেন্ট, তার উপর…’ পার্কস্ট্রিট কাণ্ডের মাঝেই ভাইরাল পুরনো ভিডিও! নিরামিষ রেস্টুরেন্ট নিয়ে সায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক!

পার্কস্ট্রিট কাণ্ডকে কেন্দ্র করে টলিউড (Tollywood) অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty) বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী সকলের নিশানায় এখন তিনি। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সায়কের একটি পুরনো ভ্লগ ভিডিও নতুন করে ভাইরাল হয়ে আগুনের ঘি ঢেলেছে। ভিডিওটিতে সায়ক এবং তাঁর দাদা, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীকে তাঁদের মায়ের জন্মদিন উপলক্ষে একটি রেস্টুরেন্টে খেতে যেতে দেখা যায়। কিন্তু আনন্দের সেই মুহূর্ত ছাপিয়ে সায়কের আচরণ ও মন্তব্য এখন নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সায়ক এবং তাঁর পরিবার একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছেন। সায়ক দাবি করেন, তাঁরা গুগল থেকে রেস্টুরেন্টের ছবি ও মেনু দেখে সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি অভিযোগ করেন যে, ছবির সাথে বাস্তবের কোনো মিল নেই। সায়কের সবচেয়ে বড় আপত্তির জায়গা ছিল রেস্টুরেন্টটি সম্পূর্ণ ‘ভেজ’ বা নিরামিষ হওয়া নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের দাবি, সায়ক রেস্টুরেন্টটির নাম না নিলেও যেভাবে সেটিকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তা অত্যন্ত অহংকারী ও অনভিপ্রেত। সায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি গুগলে রেস্টুরেন্টটির বিবরণ দেখে এসেছিলেন। নেটিজেনদের প্রশ্ন, যদি তিনি আগে থেকেই জানতেন বা দেখে আসতেন, তবে সেখানে গিয়ে নিরামিষ খাবার নিয়ে এমন ছোট মানসিকতার পরিচয় দেওয়ার কী প্রয়োজন ছিল? সাধারণ মানুষের মতে, কোনো একটি খাবারের জায়গাকে জনসমক্ষে এভাবে হেয় করা একজন পাবলিক ফিগারের শোভা পায় না।

ইতিমধ্যেই পার্কস্ট্রিট কাণ্ডে সায়কের নাম জড়ানোয় তাঁর ইমেজ বড়সড় ধাক্কা খেয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ এবং আইনি জটিলতার মাঝে এই ভ্লগ ভিডিওটি তাঁর ভাবমূর্তিকে আরও কালিমালিপ্ত করেছে। অনেকেই বলছেন, সায়ক সবসময় নিজেকে লাইমলাইটে রাখতে চান, কিন্তু তাঁর কথাবার্তা ও আচরণে পরিপক্কতার অভাব স্পষ্ট। বিশেষ করে তাঁর দাদা সব্যসাচী চক্রবর্তী একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও ভাইয়ের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে কেন বাধা দিলেন না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুনঃ ‘দাদা দিদিদের খুশি না করলে কাজ নেই’, ‘আমার অভিনেতা বন্ধুরা পেটের দায়ে সায়কের বিরুদ্ধে কথা বলছে…’ পার্কস্ট্রীট কাণ্ড নিয়ে অকপটে রুদ্রনীল ঘোষ!

সব মিলিয়ে, সায়ক চক্রবর্তী এই মুহূর্তে কার্যত সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মুখে। একদিকে আইনি জটিলতা, আর অন্যদিকে তাঁর দাম্ভিক আচরণের ভিডিও এই দুইয়ের যাঁতাকলে পড়ে অভিনেতার কেরিয়ার এখন সংকটে। রেস্টুরেন্ট মালিকদের সম্মান না দিয়ে বা তাঁদের পরিষেবাকে ছোট করে সায়ক যে বিতর্কের জন্ম দিয়েছেন, তা থেকে বেরিয়ে আসা তাঁর জন্য বেশ কঠিন হবে বলেই মনে করছেন সচেতন মহল।

Back to top button