মমতার মিছিলে রাজা-মধুবনী! তবে কি রাজনীতিতে নামছেন তারকাদম্পতি? মুখ খুললেন অভিনেতা!

সাম্প্রতিক সময়ে একের পর এক সরকারি অনুষ্ঠান, সাংস্কৃতিক মঞ্চ, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেও দেখা যাচ্ছে রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীকে। একসময়ের জনপ্রিয় তারকাদম্পতিকে এমনভাবে একসঙ্গে দেখা যাচ্ছে যে, টলিপাড়ায় এখন গুঞ্জন—তাঁরা কি তবে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন?
দীর্ঘদিন ছোটপর্দায় মধুবনীকে দেখা যায়নি। একসময় ‘ভালোবাসা.com’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা ছিলেন তিনি। তবে এখন তাঁর সময় কাটছে নিজের ব্যবসা এবং পরিবারের দায়িত্ব সামলে। ব্যাগের ব্যবসা, তার সঙ্গে সৌন্দর্যচর্চার সালোঁ—সব মিলিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। ফলে অনেকে ধরে নিয়েছিলেন, ক্যামেরা থেকে দূরে থাকা মানেই হয়তো রাজনীতির প্রস্তুতি নিচ্ছেন মধুবনী।
অন্য দিকে, রাজা এখন ব্যস্ত ‘চিরসখা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে। কমলিনীর ছোট ছেলের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু যখন চারদিক থেকে তাঁদের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা ঘুরছে, তখন সব কল্পনাকেই এক ঝটকায় উড়িয়ে দিলেন রাজা নিজেই।
রাজা বলেন, “আমরা দু’জনেই শিল্পী। আমাদের কাজের জায়গা অভিনয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক শিল্পের সূত্রেই। উনি শিল্পী আর শিল্পকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তাই কোনও অনুষ্ঠান বা মিছিলে ডাকা হলে আমরা যাই। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
আরও পড়ুনঃ ‘তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে…’- জন্মদিনে ছেলেকে গোপন কথা! সুদীপার কথা শুনে কি করলো ছোট্ট আদিদেব?
অভিনেত্রী মধুবনীও একই সুরে জানান, আপাতত তিনি রাজনীতি নয়, সংসার আর ছেলেকে সময় দিতে চান। সঙ্গে ব্যবসা নিয়েও ব্যস্ত থাকতে চান। তাই রাজনীতির জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন রাজা-মধুবনী জুটি—টলিপাড়ায় তাঁরা এখনো শিল্পী হিসেবেই সবচেয়ে বেশি স্বস্তিতে।

