ফুলঝুরি এবার শিমুল! “কার কাছে কই মনের কথা” সাংসারিক বেড়াজালে আটকে পড়া মেয়েদের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক

অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষায় বসে ছিল আবার কবে তাদের প্রিয় ফুলঝুরি অর্থাৎ চেনা মুখ মানালি দে টিভির পর্দায় ফিরবেন। স্টার জলসার হাত ধরে সেই “বউ কথা কও” এর ‘মৌরি’ হয়ে যে পথ চলা ছোটপর্দায় শুরু করেছিলেন মানালি সেই পথ তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। এখন বাংলার প্রতিটি ছোট পর্দার দর্শক তাকে কেউ ফুলঝুরি অথবা কেউ মৌরি হিসেবে চেনে। কিন্তু এবার চেনার পালা এক অন্য নামে। ‘বউ কথা কও’ বা ‘ধুলোকনা’ ছাড়াও মানালি জি বাংলার পর্দায় করেছিল ‘নকশি কাঁথা’। সেখানে শবনমের ভূমিকায় তাকে অগাধ ভালোবাসা দিয়েছিল দর্শক। আবার একবার জি বাংলার পর্দায় ফেরার খবর অনেকদিন আগেই শোনা গিয়েছিল।

তবে সেই সঙ্গে জানা গিয়েছিল আরো বেশ কিছু পরিচিত মুখ থাকতে চলেছে এই ধারাবাহিকে। নকশী কাঁথার পরে আবার একবার স্নেহা এবং মানালিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এটাও জানা গিয়েছিল। তবে এবারে একে অপরের শত্রু নয় বরং বন্ধু হয়েই দর্শকের মন জয় করতে আসছে তারা। অনেকদিন ধরেই ছোট পর্দার দর্শকরা এই ধারাবাহিকের আসার অপেক্ষায় বসে ছিলেন আর সেই অপেক্ষা আজ শেষ হল। তবে নতুন ধারাবাহিকের প্রোমোর সাথে সাথে অনেক বড় চমক নিয়ে এলো জি বাংলা। মানালি দে, স্নেহা চ্যাটার্জি সঙ্গে যে বাসবদত্তা চ্যাটার্জি আরো একবার ছোটপর্দায় ফিরছেন সেটা শোনা গিয়েছিল আগেই।

তবে তাদের সঙ্গে দেখা গেল আরো এক জনপ্রিয় মুখ কুয়াশা বিশ্বাসকে। কুয়াশাকে ছোট পর্দার দর্শক চেনেন ‘দেবিনা’ নামে। স্টার জলসার ধারাবাহিক ‘কাছে আয় সই’তে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুন ভাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। এছাড়া তাকে দেখা গিয়েছিল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে পামেলার চরিত্রে। সেটাও একপ্রকার ধূসর চরিত্র ছিল তবে নতুন ধারাবাহিকে তাকে দেখা গেল একেবারে ইতিবাচক চরিত্রে। সেই সঙ্গে রয়েছে আরও এক ছোট পর্দার অভিনেত্রী যার নাম সৃজনী মিত্র।

এবার আসা যাক নতুন ধারাবাহিকের নাম এবং প্রোমোর কথায়। নতুন ধারাবাহিকের প্রোমো আজকেই সম্প্রচারিত করা হয়েছে জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে। যার নাম “কার কাছে কই মনের কথা”। প্রোমোটি প্রথমবার দেখেই বোঝা যাবে গৃহবধূদের একে অপরের স্বপ্নপূরণে পাশাপাশি হাত ধরে চলার গল্প নিয়েই আসবে এই ধারাবাহিক। যার প্রথম ঝলকে একেবারে মন ছুয়ে গেছে দর্শকদের।

প্রথম প্রোমোতে দেখা যাচ্ছে এক বনেদি বাড়ির বউ হয়ে আসছে শিমুল যে চরিত্রে অভিনয় করছে মানালি। ছেলে পছন্দ করে বউ নিয়ে এসেছে তাই অমত থাকলেও বিয়ে খুশি মনেই মেনে নিয়েছে মা এমনটাই দেখা গেছে। তবে শিমুল গান গাইতে খুব ভালোবাসে। তাই জন্য তার মা তার হারমোনিয়ামটা বিয়ের পরে শ্বশুরবাড়িতে পাঠায়। কিন্তু তার শাশুড়ি মা সেই দিনই সেটাকে গুদাম ঘরে পাঠিয়ে দেয়। এরপরেই দেখা যায় সাংসারিক বেড়া জলে আটকে যায় শিমুল। যখন তার গানের সার্টিফিকেটটা বাড়িতে পৌঁছয় সে তার শাশুড়ি মা বা স্বামী কাউকে বলে উঠতে পারে না। কারণ কারোরই সময় নেই তার কথা শোনার আর সেই অভিমানেই সে সেই সার্টিফিকেটটা ছিড়ে ফেলে দেয়। আর পাশের বাড়ির সব বউরা মিলে তার সার্টিফিকেটটা তুলে আনে জোড়া লাগায় আর তার এত বড় খুশির দিনটাকে উদযাপন করে। আর সেই চরিত্রগুলোতে অভিনয় করতে দেখা যাবে বাসবদত্তা, স্নেহা, কুয়াশা, সৃজনীকে। প্রথম ঝলকেই এক আলাদা আমেজ নিয়ে এসেছে এই ধারাবাহিক। এবার শুধু দেখার দর্শকরা নতুন ধারাবাহিককে ঠিক কতটা জনপ্রিয়তা দেয়।

Back to top button