“আমাকে ভালো থাকতে দেওয়া হোক”, মেয়ে সম্পর্ক রাখে না প্রেমিকের জন্য,জন্মদিনে মায়ের অভিযোগে এবার বিস্ফোরক অহনা ‘মিশকা’

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় খলনায়িকা মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত। সূর্য-দীপার প্রেম কাহিনির সবচেয়ে বড় কাঁটা মিশকা। ‘অনুরাগের ছোঁয়া’র সুবাদে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেছেন অহনা। মিশকা চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করে সকলের প্রশংসা কুড়োচ্ছেন অহনা। দুদিন আগেই ছিল তার জন্মদিন। আর জন্মদিনেই সংবাদ শিরোনামে অহনার ব্যক্তিগত জীবন।

গত কয়েকদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অহনা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পিডিএ নজর এড়ায় না কারুর। পরস্পরকে আগলে আদুরে ছবিও পোস্ট করেন তাঁরা। সেই নিয়ে ফিসফিসানি কম নেই। এর মাঝেই মেয়ের চর্চিত প্রেমিককে নিয়ে বিস্ফোরক অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়। মায়ের ঘর ছেড়ে এখন একা সংসার পেতেছেন পর্দার মিশকা। এই বছর জন্মদিনটাও পরিবারকে ছাড়াই কাটিয়েছেন অভিনেত্রী।

মেয়ের জন্মদিনে চাঁদনি দেবী ফেসবুক পোস্টে বিস্ফোরক অভিযোগ আনেন অহনার চর্চিত প্রেমিকের বিরুদ্ধে। তিনি লেখেন, ‘২০০৩-এ এই দিনটাই বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না। তাও বলবো বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তার ভালো হোক,শুভ জন্মদিন।’ এই পোস্ট সোশ্যালে ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের দাবি খ্যাতি আর ‘প্রেমিক’কে পেয়ে নিজের মাকেই ভুলে গিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি দীপঙ্করের অতীত টেনেও নানান মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যালে। দু-বার বিয়ে ভেঙেছে দীপঙ্করের, টেলিপাড়া সূত্রে খবর এমনটাই।

অহনা নাকি কোনও বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমনই গুঞ্জন ইন্ডাস্ট্রিতে। সত্যি কি তাই? এ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় অহনার সঙ্গে। তিনি বলেন, “সম্পূর্ণ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি কারও সংসার ভাঙিনি। যাঁর সঙ্গে আমি প্রেমের সম্পর্কে আছি, তাঁর বহু দিন হল আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তা হলে কী করে আমি কারও ঘর ভাঙব। আমার প্রেমটা মা মেনে নিতে পারেননি বলে এ কথা বলছেন। তবে মা মেয়ের মধ্যে ঝগড়া হতেই পারে।”

এই ১১ জুন ২০ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। সিরিয়াল অভিনয়ের সুযোগ পেয়েই দমদমের বাড়ি ছেড়ে টালিগঞ্জে চলে আসেন তিনি। সেটেই রূপটানশিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।

যে সম্পর্কটা প্রথম দিন থেকেই পরিবারের কেউ মেনে নেননি। অহনা বলেন, “যিনি এক বছর আমার সঙ্গে কোনও সম্পর্ক রাখলেন না, তিনি হঠাৎ আমার জন্মদিনে প্রকাশ্যে এমন কথা বলা শুরু করলেন কেন বুঝতে পারছি না। আমি ভাল আছি। সুরক্ষিত আছি। কোনও সমস্যা নেই। আমাকে ভাল থাকতে দেওয়া হোক।” খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে হয়নি তাঁর। প্রথম কাজ হতে না হতেই বিতর্ক! অহনার অনুরোধ তাঁকে শুধু শুধু যেন কোনও বিতর্কে জড়ানো না হয়।

