ছেলেকে নিয়ে কোনো জিজ্ঞাস্য নেই মেঘের! নীলের মধ্যে বাসা বাঁধলো সন্দেহ, তবে কি সব ফাঁস হবে বিয়ের আগেই?

বিয়ের উৎসব ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকে। শুরু থেকেই বেশ কিছুদিন সমালোচিত হয়েছিল এই ধারাবাহিক।তবে বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এই মেগা। টিআরপি কোনো কালেই তেমন সাথ না দিলেও ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে।
বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়ক নায়িকা উভয়ের বাড়ি থেকে ঠিক করা হয়েছে বিয়ে। আর তাদের অজান্তেই তারা বিয়ে করতে চলেছে একে অপরের সঙ্গে। তবে এত সহজে সেটা হতে দেবেনা মেগার দুই জাঁদরেল ভিলেন রূপ আর ময়ূরী। বহুদিন ধারাবাহিকের পর্দায় দেখা যায়নি তাদের। সম্প্রতি নায়ক নায়িকার অনিষ্ট করতে ফিরে এসেছে তারা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নীলের বাড়িতে বিয়ে নিয়ে চলছে মহা তোড়জোড়। সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই বিয়ে নিয়ে। কিন্তু নীল এসব বিশেষ পছন্দ করছে না। কেমন যেনো বাধ্য হয়েই বিয়েটা করছে সে। তাও আবার মেঘের বিয়ে হয়ে যাচ্ছে তাই, নাহলে এতো তাড়াতাড়ি হয়তো রাজিও হতো না নীল। গিনি মিনি কাকিমনি সবাই মিলে নীলকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য রাজি করাতে থাকে।
এসবের মাঝেই হঠাৎ একটা বিষয় নিয়ে সন্দেহের সঞ্চার হয় নীলের মনে। তার না হয় নিজস্ব কিছু কারণ রয়েছে যার জন্য সে জানতে চায়নি মেয়ের ব্যাপারে, কিন্তু মেয়েটি বা তার পরিবার কেনো একবারও খোঁজ খবর নিল না তার ব্যাপারে? এসব শুনে কাকিমনি বলে, হয়তো মেয়েটারও জীবনে এমন কোনো ঘটনা আছে তাই হয়তো করেনি খোঁজ।
অন্যদিকে, অনিন্দ্য মেঘকে আইবুড়ো ভাতের জন্য ডাকতে এলে মেঘ স্পষ্ট জানিয়ে দেয় সে এসব মানতে পারবে না। তখন অনিন্দ্য তাকে বোঝায়, “তুই কাল নতুন একটা মানুষের সাথে একটা নতুন জীবন শুরু করতে চলেছিস। তোর মা আর বাপি চায় তার আগে তোর পছন্দের খাবার গুলো খাওয়াতে। এভাবে ভাবলেই তো হয়।” মেঘ তখন রাজি হয়ে যায়। তখনই চলে আসে ময়ূরী আর আবারো আজেবাজে কথা বলতে থাকে। খাবার টেবিলে বসে ময়ূরী মেঘকে বলে, সে নাকি তার গোটা বর টাকেই নিয়ে নিয়েছে আর তার বদলে শুধু ভাতের থালা নেওয়াটা বিলাসিতা। সবাই খুব অবাক হয় তার কথায়। রেগে যায় মধুমিতা। তারপর অবশেষে মেঘের আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।

