শ্যুটিং সেটে মায়ের উপস্থিতি! ফের নতুন বিতর্কে দিতিপ্রিয়া রায়! ‘ওকি অফিসেও মাকে নিয়ে যাবে?’- মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়!

টেলিভিশনের জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর পর থেকেই নানা জল্পনা দানা বেঁধেছে। তাঁর জায়গায় এসেছে শিরিন পাল এবং দর্শক ইতিমধ্যেই নতুন জুটিকে বেশ পছন্দ করছেন। কিন্তু দিতিপ্রিয়া ও জিতু কমলের মধ্যে চলা সমস্যার কথাবার্তার মাঝেই বারবার ইঙ্গিত করা হয়েছে অভিনেত্রীর মায়ের দিকে। ছোটবেলা থেকে শ্যুটিং সেটে মায়ের উপস্থিতিই দিতিপ্রিয়ার চেনা চিত্র এবং বয়স বাড়লেও সেই অভ্যাস বদল হয়নি।

শিশুশিল্পীদের ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক হলেও বড় হওয়ার পর সেটে মা বা অভিভাবক নিয়ে আসা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। টলিপাড়ার অনেক অভিনেতা এবং নির্মাতা এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। কেউ মনে করেন এটি ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বস্তির ব্যাপার, আবার কেউ মনে করেন এতে কাজের পরিবেশে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। এই পটভূমিতেই লেখিকা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তাঁর স্পষ্ট আপত্তির কথা।

লীনার মতে প্রাপ্তবয়স্ক শিল্পীদের ক্ষেত্রে সারাক্ষণ মা বা অভিভাবকের উপস্থিতি পেশাদার পরিবেশে মানিয়ে নেয়া কঠিন। তিনি প্রশ্ন তুলেছেন, কোনও চাকরিজীবী কি অফিসে নিজের মাকে নিয়ে যেতে পারেন? তাহলে অভিনয় জগতেই বা এই ব্যতিক্রম কেন থাকবে? তাঁর বক্তব্য, যদি শিশু শিল্পী হয় তাহলে অভিভাবক থাকা অবশ্যই জরুরি, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তা তাঁকে পেশাগতভাবে ঠিক মনে হয় না।

এই সমালোচনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিতিপ্রিয়ার পুরনো এক সাক্ষাৎকার। সেখানে অভিনেত্রী নিজেই জানিয়েছেন কেন মা ছাড়া তাঁর পক্ষে কাজ করা প্রায় অসম্ভব। দিতিপ্রিয়ার কথায় তিনি খুব সহজেই মাথা গরম করে ফেলেন এবং সেই পরিস্থিতি সামলাতে পারেন একমাত্র তাঁর মা। তাই শ্যুটিং সেটে মানসিকভাবে স্বস্তিতে থাকতে হলে মায়ের উপস্থিতি তাঁর কাছে অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ সরকারি নথিতে জুবিন গর্গ এখনও ‘জীবিত’! ভাইরাল ভোটার তালিকার ঘটনা!

নতুন করে শুরু হওয়া এই বিতর্কে দিতিপ্রিয়া মুখ খোলেননি। তবে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পেশাদারিত্ব, ব্যক্তিগত স্বস্তি এবং পরিবারিক নির্ভরতার মিশ্র এই প্রশ্ন। অভিনেত্রীর ব্যক্তিগত প্রয়োজনকে সম্মান করা উচিত নাকি কাজের পরিবেশে সীমা টানা জরুরি, তা নিয়েই এখন সরগরম বিনোদন জগৎ।

Back to top button