সরকারি নথিতে জুবিন গর্গ এখনও ‘জীবিত’! ভাইরাল ভোটার তালিকার ঘটনা!

অসমে আগামী বিধানসভা নির্বাচনের আগে চলছে বিশেষ সংশোধন কর্মসূচি আর সেই প্রক্রিয়ার মধ্যেই উঠে এল এক হৃদয়স্পর্শী ঘটনা। দু’মাস আগেই প্রয়াত হয়েছেন অসমের ভূমিপুত্র এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর চলে যাওয়া আজও মানতে পারেন না অসংখ্য ভক্ত। কিন্তু এই বাস্তবতা মেনে নিতে পারেননি গুয়াহাটির এক বিএলওও এবং সেখান থেকেই তৈরি হল এক ব্যতিক্রমী মুহূর্ত।
ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা বিএলও মহম্মদ তাফিজ উদ্দিন সম্প্রতি পৌঁছেছিলেন জুবিন গর্গের বাড়িতে। নিয়ম মেনে তাঁকে জুবিনের নামের পাশে ‘মৃত’ উল্লেখ করতে হতো। কিন্তু তালিকার সেই জায়গায় পৌঁছতেই তাঁর হাত থমকে যায়। একজন শিল্পীর অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা তাঁর মনকেও ছুঁয়ে যায়। তাই নিয়মমাফিক ‘মৃত’ না লিখে তিনি লেখেন ‘অমর’।
তাফিজ উদ্দিন পরে জানান, জুবিন গর্গের মৃত্যুকে তিনি কোনওভাবেই হৃদয়ে গ্রহণ করতে পারছিলেন না। ভোটার লিস্টে তাঁর নামের পাশে সেই শব্দ বসানো যেন নিজের হাতেই অসম্ভব মনে হচ্ছিল। আবেগ সামলাতে না পেরে তিনি সেই সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, জুবিনের গান, তাঁর কণ্ঠ এবং তাঁর ব্যক্তিত্ব প্রতিবছর, প্রতিদিন মানুষের মনে বেঁচে থাকবে।
বিএলও–র এই মানবিক পদক্ষেপের ছবি ছড়িয়ে পড়তেই তা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। বহু অনুরাগী জানিয়েছেন, সরকার যদি সত্যিই শিল্পী এবং সংস্কৃতিকে সম্মান করে, তবে অন্তত ভোটার তালিকার মতো জায়গায় তাঁর নামের পাশে ‘মৃত’ শব্দটি না থাকলেও হয়। তাঁরা মনে করেন, জুবিন গর্গ কেবল একজন গায়ক নন, তিনি অসমের এক আবেগ এবং তাঁর স্মৃতি কখনোই মুছে যাবে না।
আরও পড়ুনঃ রুবেলের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় পছন্দ করেন না শ্বেতা? সেই নিয়ে স্বামীকে কড়া নিষেধ? কি বললেন অভিনেত্রী?
এই ঘটনাকে ঘিরে আলোচনা এখনো চলছে। কেউ কেউ নিয়ম নিয়ে প্রশ্ন তুললেও অনেকেই বলছেন, কাগজে কলমে হয়তো মৃত্যুর উল্লেখ জরুরি, কিন্তু মানুষের মনে যে শিল্পী চিরকাল জায়গা করে নেন, তাঁরা কখনোই প্রকৃত অর্থে চলে যান না। জুবিন গর্গ সেরকমই এক অমর নাম, যাঁর প্রতি এক সাধারণ কর্মীর এই অটুট ভালবাসা আজ সকলের মন জয় করেছে।

