‘ফিরতে বাধ্য হলাম’- আর্য সিংহ রায় চরিত্রে বহাল থাকছেন জিতু! স্বস্তিতে দর্শক মহল!

কয়েকদিনের টানা জল্পনা আর অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত পরিষ্কার হলো সবকিছু—আর্য সিংহ রায় চরিত্রে ফিরছেন জিতু কমল। ধারাবাহিকের নিয়মিত দর্শক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার অসংখ্য ভক্ত, সবার মুখে এখন স্বস্তির হাসি। চরিত্র বদলের গুঞ্জনে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল, তা থেমে গিয়ে এখন জায়গা নিয়েছে আনন্দ আর উত্তেজনা।
নতুন নায়ক কে হবেন, তা নিয়ে যখন নানা খবর ঘুরছিল, ঠিক তখনই রাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন জিতু—তিনি ফিরছেন। নিজের পোস্টে তিনি মনে করিয়ে দেন ২০০৮ সালে ক্যামেরার সামনে তাঁর যাত্রা শুরু হওয়ার কথা। তাঁর ভাষায়, আজ পর্যন্ত তিনি যে সাফল্য পেয়েছেন, তার বড় অংশের কৃতিত্ব টেকনিশিয়ানদের। টেলিভিশনের পুরুষ চরিত্রের মধ্যে খুব কমই দর্শকের মনে গভীর ছাপ ফেলে, আর আর্য সিংহ রায় সেই বিরল চরিত্রগুলোর একটি।
জিতু আরও জানান, দর্শকদের ভালোবাসা এবং ইউনিটের টেকনিশিয়ানদের প্রতি দায়বদ্ধতা থেকেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আর কোনও সমস্যার মুখোমুখি হতে হবে না এবং তিনি আগের মতোই মন দিয়ে কাজ করে দর্শকদের বিনোদন দিতে পারবেন। তাঁর কথায়, “শুধুমাত্র আমার দর্শক এবং টেকনিশিয়ানদের কথা ভেবেই আবার এই প্রজেক্টে ফিরতে বাধ্য হলাম।”
নায়কের এই ঘোষণার পর থেকেই ভক্তদের আনন্দ যেন বাঁধ মানছে না। কেউ লিখছেন, “এতদিন ধরে যে মানসিক অশান্তি চলছিল, আজ যেন সব দুশ্চিন্তা শেষ।” আবার কেউ আনন্দে আবেগাপ্লুত হয়ে লিখছেন, “তোমাকে ফেরত পাওয়ার খুশিতে চোখের জল থামছে না।”
আরও পড়ুনঃ ‘কাজের চাপে তোমার কত জন্মদিন ভুলে গেছি…’- স্মৃতির ভিড়ে ভেসে ওঠে সোনালির জন্মদিন! একাকীত্ব ভরা জীবনে নিজের ভুলের সঙ্গে লড়ছেন শংকর চক্রবর্তী!
দিতিপ্রিয়ার সঙ্গে মতবিরোধ মিটেছে কি না, সে বিষয়ে জিতু কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন, পেশাদারিত্ব বজায় রেখে তিনি কাজ চালিয়ে যাবেন। অন্যদিকে, একটি পুরস্কার মঞ্চে দিতিপ্রিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। শুধু জানালেন, “নো কমেন্টস।” সব মিলিয়ে, ধারাবাহিকের ভবিষ্যৎ এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

