বউকে ‘বুড়ি’ বলায় ক্ষেপলেন রুবেল! ‘রাক্ষসের মতন কাজ…’ ট্রোলারকে তুলোধোনা করে যোগ্য জবাব দিলেন রুবেল দাস!

সোশ্যাল মিডিয়ায় (Social Media) তারকাদের ব্যক্তিগত আক্রমণ আজকালকার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজের প্রিয় মানুষের সম্মান রক্ষায় কীভাবে রুখে দাঁড়াতে হয়, তা এবার দেখিয়ে দিলেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya) নিয়ে করা একটি কুরুচিকর মন্তব্যের বিপরীতে রুবেলের এমন কড়া অবস্থান নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
ঘটনার সূত্রপাত রুবেলের একটি নিছক মজার পোস্ট থেকে। সেখানে শ্বেতাকে ট্যাগ করে রুবেল লিখেছিলেন, ‘এভাবে চুমু খাচ্ছে দেখলে শ্বেতা খুব রেগে যাবে’। সেই পোস্টের কমেন্ট বক্সে ‘ভিনদেশী রাজকুমার’ নামক এক ইউজার শ্বেতাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন এবং তাঁদের সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য করেন।
স্ত্রীর প্রতি এমন অসম্মানজনক কথা দেখে চুপ থাকেননি রুবেল। তিনি সরাসরি ওই ব্যক্তিকে আক্রমণ করে মনে করিয়ে দেন যে, বয়স বাড়াটা প্রকৃতির অমোঘ নিয়ম। রুবেল পাল্টা প্রশ্ন ছোঁড়েন যে, ওই ব্যক্তির মা কিংবা তিনি যার ভক্ত, তাঁদেরও তো বয়স হয়েছে। সময়ের সাথে সাথে সবার বয়স বাড়বে এই ধ্রুব সত্যটি রুবেল অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন। তিনি লেখেন, ‘আপনার মা এর ও তো বয়স হয়েছে, আপনি যার ভক্ত তার ও যথেষ্ট বয়স হয়েছে। আপনার ও বয়স হবে, এটাই কাল এর নিয়ম। আমার বউ ১৬ বছর ধরে লিড চরিত্রে অভিনয় করছে’।
চেহারার চেয়েও যে গুণ বড়, রুবেলের বক্তব্যে সেই বার্তাই ছিল প্রধান। তিনি সগর্বে জানান, কেবল প্রতিভার জোরেই শ্বেতা গত ১৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। চামড়া কুঁচকে গেলেও মেধা ও কঠোর পরিশ্রম যে ফুরিয়ে যায় না, রুবেলের এই মন্তব্য ছিল সেই ট্রোলারদের গালে একটি সজোরে চড়।
আরও পড়ুনঃ অভিনয় নাকি আত্মসম্মান? জনপ্রিয়তার তুঙ্গে থেকেও কেন অভিনয় জগতকে বিদায় জানালেন বৈশাখী মার্জিত?
বর্তমানে শ্বেতা ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সঞ্চালনার গুরুদায়িত্ব সামলাচ্ছেন। তাঁর এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে রুবেল বলেন যে, রচনা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসার যোগ্যতা সবার থাকে না। জীবনের প্রতিটি পদক্ষেপে শ্বেতার পাশে রুবেলের এই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা দেখে ভক্তরা তাঁদের জুটিকে কুর্নিশ জানাচ্ছেন।

