নরমাল বেবি ডেলিভারি হওয়ার ৫ মিনিট পরেই স্বাভাবিকভাবে হেঁটে বাড়ি যাচ্ছে গৌরী! মা হওয়ার কষ্টকে নিয়েও ছেলেখেলা করার অভিযোগ গৌরী এলোর বিরুদ্ধে

ফের একবার ভয়ঙ্কর ট্রোলের শিকার স্বর্ণেন্দু সমাদ্দারের ধারাবাহিক গৌরী এলো। দর্শকদের একাংশের কথায়, গল্পের গরু গাছে নয়, চাঁদে পাঠাচ্ছেন ধারাবাহিক নির্মাতারা। সম্প্রতি, মা হয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের নায়িকা। তবে তার পরের ঘটনা দেখে কি বলবেন ভেবে পাচ্ছেন না নেট নাগরিকরা। কেউ লিখেছেন, “আর কত কী দেখতে হবে কে জানে”। কেউ বলছেন, “আগে ছিল জীবন মানে জি বাংলা। এরপর হবে ফাজলামোর আরেক নাম জি বাংলা।”
বিগত পর্বে দেখানো হয়েছে কন্যা সন্তানের জন্ম দিয়েছে গৌরী। আর ঈশানের হাতেই জন্ম নিয়েছে তাদের কন্যা সন্তান। যদিও ঈশান এখনো সবার সামনে নিজেকে ঈশান মানতে নারাজ। তবু সবাই তাকে ঈশানই মনে করছেন। এ দিনের পর্ব দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। কেমন যেন এক আধ্যাত্মিকভাবে জন্ম নিল গৌরীর সন্তান। যেন সাক্ষাৎ মা লক্ষ্মী গৌরীর হাত ধরে ভূমিষ্ঠ হলেন শৈলজার মতো শয়তানদের বিনাশের জন্য।
কিন্তু ভুলে গেলে চলবে না এই ধারাবাহিকটির নাম গৌড় এলো। তাই গুলি লেগে সেইগুলি তাবিজে ছিটকে যাওয়াই হোক, বা একেক দিন একেকজনের একেক রকম সাজই হোক, এমন কিছু তো এই ধারাবাহিক দেখাবেই যা নিয়ে হাসাহাসি করতে বাধ্য হবেন দর্শক মহল। আর এইবারেও তার অন্যথা হলো না। এমন কিছু দৃশ্য দেখলেন দর্শকরা যা দেখে এতদিনকার সমস্ত চিকিৎসা বিজ্ঞান তাদের কাছে মিথ্যে মনে হওয়ার জোগাড়।
নরমাল ডেলিভারি হলে একজন মা ঠিক কতটা কষ্ট পান তা বোধহয় আলাদা করে বুঝিয়ে দেওয়ার অপেক্ষা রাখে না। একজন মায়ের জীবনে এই কষ্টটা এমন একটা কষ্ট যা হাসিমুখে সহ্য করে নেন মা। নরমাল ডেলিভারি হওয়ার পরে স্বাভাবিকভাবেই মায়ের শরীর এতটাই বিধ্বস্ত অবস্থায় থাকে যে তার পক্ষে স্বাভাবিকভাবে উঠে বসাটাই কষ্টকর হয়ে যায়।
সেখানে গৌড়ীয় ধারাবাহিকে দেখানো হয়েছে নরমাল ডেলিভারির কিছুক্ষনের মধ্যেই স্বাভাবিকভাবে হাঁটিয়ে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে গৌরীকে। যারা অল্পবিস্তার চিকিৎসা বা বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান রাখেন তাদের কাছে এই ঘটনা একেবারেই অবাস্তবিক। আর এই দৃশ্য দেখার পর পুনরায় ট্রোলের মুখে ধারাবাহিকের নায়িকা।

