বিচারের আশায় অর্জুনের দুয়ারে গঙ্গা! ভালোবাসার আগেই কি শুরু হবে সংঘাত? দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘গঙ্গা’ (Ganga) প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে। অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী হিয়া মুখার্জির অনবদ্য রসায়ন আর গল্পের টানটান মোড় ধারাবাহিকটিকে বেশ জনপ্রিয় করে তুলেছে। গল্পের শুরুতেই দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য, যেখানে একটি নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম যে ঘাতককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, সে ভয়ে শিশুটিকে হত্যা করতে পারেনি। অবহেলায় ভেসে যাওয়া সেই শিশুটি শেষ পর্যন্ত একটি ঘাটে এসে পৌঁছায়। সেখানে এক সন্তানহারা নারী তাকে উদ্ধার করেন এবং গঙ্গার স্রোতে ভেসে আসায় তার নাম রাখেন ‘গঙ্গা’।
ছোটবেলা থেকেই গঙ্গা অত্যন্ত সাহসী ও প্রতিবাদী চরিত্রে বেড়ে ওঠে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভিক্ষা করে জীবন ধারণ করলেও সে কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। বড় হওয়ার সাথে সাথে তার এই জেদ আরও স্পষ্ট হয়ে ওঠে। সমাজের কোনো বাজে কথা বা অন্যায় আচরণ সে মুখ বুজে সহ্য করে না, বরং স্বাধীন চেতনা আর ন্যায়ের প্রতি অটল বিশ্বাস নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আমরা এক নাটকীয় মোড় দেখতে পাই। একটি যাত্রাপালার অনুষ্ঠানে কিছু গুন্ডা অতর্কিতে গঙ্গাকে আক্রমণ করে। গঙ্গার বিপদ দেখে মুহূর্তের মধ্যে মঞ্চে ঝাঁপিয়ে পড়ে অর্জুন। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গার প্রাণ রক্ষা করে। পাল্টা আক্রমণে গুন্ডারা অর্জুনকে লক্ষ্য করে গুলি চালালে এবার গঙ্গা ঢাল হয়ে দাঁড়ায় এবং অর্জুনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। এভাবেই একে অপরের প্রাণ বাঁচানোর মধ্য দিয়ে তাদের পরিচয়ের সূত্রপাত ঘটে।
গল্পে নতুন মোড় আসে যখন গঙ্গার দিদির ব্যক্তিগত জীবন তছনছ হয়ে যায়। অর্জুনের ভাই এক প্রভাবশালী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও গঙ্গার দিদিকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে এবং পরে তা অস্বীকার করে। এক দরিদ্র মেয়েকে এভাবে ঠকানোর প্রতিবাদে গঙ্গা স্থির থাকতে পারেনি। সে তার দিদিকে নিয়ে সরাসরি থানায় যায় অভিযোগ জানাতে এবং সেখানেই সে প্রথম জানতে পারে যে অপরাধী আসলে তার পরিচিত অর্জুনেরই ভাই।
আরও পড়ুনঃ দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত ফিরবে না মিঠি! কঠিন পরীক্ষার মুখে মিঠি, ক্ষমা নাকি আত্মসম্মান? কোনটা বেছে নেবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব
অর্জুনকে ব্যক্তিগতভাবে জানার কারণে গঙ্গা মনে মনে কিছুটা আশ্বস্ত হয়। সে বিশ্বাস করে অর্জুন একজন ন্যায়পরায়ণ মানুষ, তাই সে দিদির অপমানের বিচার চাইতে সরাসরি অর্জুনের কাছে ছুটে যায়। এখন দেখার বিষয় হলো, অর্জুন কি তার ভাইয়ের অপরাধ জেনেও গঙ্গার পাশে দাঁড়াবে, নাকি পরিবারের সম্মানের খাতিরে গঙ্গাকে ফিরিয়ে দেবে? এই জটিল পরিস্থিতির ওপরই নির্ভর করছে গঙ্গা ও অর্জুনের সম্পর্কের ভবিষ্যৎ।

