‘মায়ের বন্ধক রাখা সব গয়না ফিরিয়ে দিতে পেরেছি, সবাইকে সোনার তৈরি উপহার…’- সংগ্রাম থেকে সফলতার পথে সায়ক চক্রবর্তী!

বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। ধীরে ধীরে এই অভিনেতা দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন পরিশ্রমী ও সংবেদনশীল অভিনেতা হিসেবে। তাঁর অভিনয়ে স্বাভাবিকতা ও আবেগের মিশ্রণ দর্শকের কখনো হাসিয়েছে আবার কখনো কাঁদিয়েছে। সাধারণ চরিত্র হোক বা আবেগঘন দৃশ্য, সায়ক সব ক্ষেত্রেই নিজের দক্ষতা দিয়ে নজর কেড়েছেন।
অভিনয়ের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াই আর কঠিন বাস্তবতা। সায়ক নিজেই জানিয়েছেন, ২০২৫ সাল তাঁর জীবনে এক বিশেষ তাৎপর্য নিয়ে এসেছে। এই বছরে তিনি শুধু কাজ বা পরিচিতি নয়, পরিবারকে ঘিরে অনেক অসম্পূর্ণ দায়িত্বও পূরণ করতে পেরেছেন। জীবনের এক সময় আর্থিক টানাপোড়েনের কারণে তাঁর মায়ের গয়না বন্ধক রাখতে হয়েছিল এবং কিছু বিক্রি করতেও হয়। সেই স্মৃতি তাঁর মনে গভীরভাবে রয়ে গিয়েছিল।
২০২৫ সালে দাঁড়িয়ে সায়ক গর্বের সঙ্গে বলতে পেরেছেন, তিনি তাঁর মায়ের সেই সব গয়না আবার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। এটি তাঁর কাছে শুধুমাত্র আর্থিক সাফল্য নয়, বরং একজন সন্তানের দায়িত্ব পূরণের অনুভূতি। এই অর্জন তাঁর কাছে আবেগের এবং সম্মানের বিষয়। নিজের পরিশ্রমে মায়ের মুখে হাসি ফেরাতে পারার তৃপ্তি তাঁর কথাতেই স্পষ্ট।
শুধু নিজের পরিবারের কথাই নয়, সায়ক কৃতজ্ঞতার সঙ্গে মনে রেখেছেন সেই সব মানুষদের কথাও, যারা কঠিন সময়ে তাঁর মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি জানান, যাঁরা নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি কিছু উপহার তাদেরকে দিয়েছেন তবে এটা দিয়ে কখনোই তিনি সেই সব মানুষদের ঋণ শোধ করতে পারবেন না। তাঁর মতে, সেই মানুষগুলো পাশে না থাকলে হয়তো আজ তিনি এই জায়গায় পৌঁছতে পারতেন না।
আরও পড়ুনঃ দ্বিতীয় বিয়েতে রাজকীয় আয়োজন! ‘ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো…’- সৌরভের সঙ্গে সাদামাটা বিয়ের কারণ কি? জানালেন মধুমিতা!
সায়ক আরও বলেন, যাঁরা তাঁকে কাজ দিয়েছেন এবং যাঁদের সামান্য সহায়তাতেও তাঁর কেরিয়ার এগিয়েছে, তাঁদের কথা তিনি কখনও ভুলবেন না। এক শতাংশ সাহায্য হলেও সেটার মূল্য তাঁর কাছে অপরিসীম। আজ যে জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন, তার পিছনে বহু মানুষের অবদান রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। সেই কৃতজ্ঞতাই তাঁকে আগামী দিনেও আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।

