সৃজিতের ছবিতে পা রাখতে যাচ্ছেন দিব্যাণী! তাই জন্যই কি শেষ হচ্ছে ‘ফুলকি’? কি বলছেন অভিনেত্রী?

টেলিপাড়ায় এখন একটাই আলোচনা—‘ফুলকি’ কি বন্ধ হতে চলেছে? ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা দিব্যাণী মণ্ডল নাকি সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত কয়েক দিন ধরেই এই খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার রাতের পর গুঞ্জন আরও জোরালো হয়। দর্শকের প্রিয় ধারাবাহিকটি রেটিং চার্টের শীর্ষে থাকা সত্ত্বেও, নাকি শেষ হতে পারে হঠাৎই! কিন্তু সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই যোগাযোগ করা হয় ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের সঙ্গে। তিনি জানান, “এ রকম কোনও লিখিত বা মৌখিক খবর আমরা পাইনি। তাই এখনই কিছু বলা মুশকিল।” অর্থাৎ, পরিচালকের বক্তব্যে জল্পনার কোনও নিশ্চয়তা মেলেনি। একই প্রতিক্রিয়া এসেছে দিব্যাণীর দিক থেকেও। হাসতে হাসতেই নায়িকা বলেন, “আমিও গুঞ্জনের খবর শুনেছি, কিন্তু অফিসিয়ালি এমন কিছু জানানো হয়নি আমাকে।”

তবে গুঞ্জনের ভিত যে একেবারে ভিত্তিহীন নয়, তার ইঙ্গিত মিলছে অন্য দিক থেকে। জানা গেছে, চলতি বছরেই সৃজিত মুখোপাধ্যায়ের এই বহুচর্চিত ছবির শুটিং শুরু হবে। তার আগে দিব্যাণীর জন্য আলাদা প্রশিক্ষণপর্বও থাকছে। তাই ছোটপর্দার ব্যস্ত শিডিউলের সঙ্গে এই নতুন দায়িত্ব সামলানো সহজ হবে না অভিনেত্রীর। টেলিপাড়ায় শোনা যাচ্ছে, ‘ফুলকি’-র গল্পে শিগগিরই পরিবর্তন আসছে, যাতে দিব্যাণী ছবির জন্য সময় দিতে পারেন। সব পক্ষের সম্মতিতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত ধারাবাহিকের দল হাজার পর্বের লক্ষ্য নিয়ে এগোচ্ছে, জানালেন দিব্যাণী নিজেই।

চ্যানেলের তরফ থেকে সবুজ সংকেত মিলতেই দিব্যাণী শুরু করেছেন প্রস্তুতি। সৃজিতের ছবিতে নিজের চরিত্র নিয়ে তিনি এখন গভীর অনুশীলনে। নায়িকার কথায়, “পরিচালকের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। চিত্রনাট্য পড়ছি খুঁটিয়ে, কীভাবে চরিত্রে ঢুকব সেটা নিয়ে ভীষণ মনোযোগী আমি। বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও পরিকল্পনা আছে।” নিজের প্রথম ধারাবাহিক ‘ফুলকি’-র প্রসঙ্গ তুলতেই তাঁর গলায় ভেসে আসে আবেগ—“শুরু থেকে এই ধারাবাহিক আমাকে জনপ্রিয়তা দিয়েছে। ফুলকি যেন নিজের একটা অংশ হয়ে গিয়েছে। এখন সে মা হতে চলেছে, এই মুহূর্তটা বিশেষ।”

শেষ প্রশ্নে তাঁকে জিজ্ঞেস করা হয়, বড়পর্দায় কাজের পর ছোটপর্দায় আর ফিরবেন কি না? দিব্যাণীর উত্তর স্পষ্ট, “অবশ্যই ফিরব! টেলিভিশনই আমার শিকড়। যেখান থেকেই শুরু করেছি, সেটাকে ভোলার প্রশ্নই আসে না। শুধু চাই, যে কাজই করি, মন দিয়ে করতে পারি।”

আরও পড়ুনঃ ‘আমাকে নিয়ম শেখাবেন না, আমি সব জানি’- অমিতাভ বচ্চনের চরম অসম্মান! সবার সামনে অভিনেতাকে তাচ্ছিল এক রত্তি বাচ্চার? তার ঔদ্ধত্যে ক্ষিপ্ত দর্শক!

ফলে এখন বলাই যায়, ‘ফুলকি’ আপাতত চলছে নিজের গতিতেই। তবে দিব্যাণীর জীবনে নতুন অধ্যায় খুলছে, যা তাঁকে ছোটপর্দা থেকে বড়পর্দার আলোয় তুলে আনবে—এই প্রত্যাশাতেই বুক বাঁধছেন তাঁর ভক্তরা।

Back to top button