চলছে নতুন নায়িকার খোঁজ! দিতিপ্রিয়ার জায়গায় আসতে চলেছেন কোন নায়িকা? সিদ্ধান্তের অপেক্ষায় দর্শক!

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে উত্তেজনা থামছেই না। জিতু কমল শুটিং ফ্লোরে ফিরলেও তাঁর সঙ্গে কাজ করতে রাজি নন দিতিপ্রিয়া রায়—এমনটাই ইন্ডাস্ট্রি সূত্রের দাবি। দু’জনের মনোমালিন্য এখন পৌঁছে গিয়েছে আর্টিস্ট ফোরামের টেবিলে। শনিবার দিতিপ্রিয়া, জিতু, চ্যানেল, প্রোডাকশন হাউস এবং ফোরামের টিম বসে আলোচনা করলেও এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, মিটিং চলাকালীন দিতিপ্রিয়া একটি লম্বা মেল পাঠিয়ে নিজের অসুবিধার কথা তুলে ধরেন। অন্যদিকে, জিতু নিজের সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। চ্যানেল এবং প্রোডাকশনও তাদের অবস্থান স্পষ্ট করেছে। শুধু নীরব থাকলেন দিতিপ্রিয়া। আর সেই কারণেই সিরিয়ালের ভবিষ্যত এখন দাঁড়িয়ে আছে বড়সড় প্রশ্নচিহ্নের সামনে।
ফোরাম জানিয়েছে, দিতিপ্রিয়া সোমবার সকাল পর্যন্ত সময় চেয়েছেন। সেই সময়সীমার মধ্যেই তিনি সিরিয়ালের ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে। সূত্রে খবর, যদি নায়িকা সোমবারও সিদ্ধান্ত না জানান, তবে তাঁর এনওসি জমা দেওয়ার পরামর্শ মেনে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে। এমনকি, দিতিপ্রিয়ার বদলি হিসেবে ইতিমধ্যেই এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে আলোচনাও চলছে বলে খবর।
আরও পড়ুনঃ চলছে শ্যুটিং, তাও অনিশ্চিত ধারাবাহিকের ভবিষ্যৎ! ধারাবাহিক ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত অভিনেত্রীর? জিতু থাকলে, থাকবেননা দিতিপ্রিয়া!
তবে মেকারস এবং ফোরাম চান পরিস্থিতি আরও না বাড়ুক। কারণ, নায়ক–নায়িকার ব্যক্তিগত সমস্যা বা ইগোর কারণে একটি প্রতিষ্ঠিত সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া অচাইতনীয়। এমনিতেই এই সময়ে তিন-চার মাসেই একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। তার উপরে টিআরপি তালিকায় উপরে থাকা ‘চিরদিনি’-র এই অচলাবস্থা দর্শক থেকে শুরু করে পুরো টিমের ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলতে পারে।
এখন সব চোখ দিতিপ্রিয়ার দিকে। তিনি কি পুরোনো মনোমালিন্য ভুলে আবার সেটে ফিরবেন, নাকি নতুন নায়িকা নিয়ে নতুন অধ্যায় শুরু হবে ‘চিরদিনি’-তে? সিদ্ধান্ত হতে আর মাত্র কয়েক ঘণ্টা—কিন্তু উত্তেজনা এখন তুঙ্গে।

