হাতেনাতে ধরা পড়ল বর্ষা! বড় ঠাম্মীর সামনে ফাঁস হলো বর্ষার নাটকের আসল রূপ!

চিরসখা (Chirosokha) ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, বাড়ির সবাই হাসপাতালে যেতেই বর্ষা সুযোগ বুঝে কমলিনীর ঘরে হানা দেয়। তার একমাত্র লক্ষ্য ছিল মিঠির সেই আসল মেডিকেল রিপোর্টটি হাতানো। আলমারি ঘেঁটে রিপোর্টটি পেতেই বর্ষার চোখ চকচক করে ওঠে। সেখানে ডাক্তার কেবল গর্ভাবস্থার একটি ‘আশঙ্কা’র কথা উল্লেখ করেছিলেন, কিন্তু অতি উৎসাহী বর্ষা সেটাকেই ধ্রুব সত্য বলে ধরে নেয়। সে আনন্দে আত্মহারা হয়ে ভাবতে থাকে যে, এবার মিঠির চরিত্রহনন করার মতো অকাট্য প্রমাণ তার হাতের মুঠোয়।

ঠিক যখন বর্ষা রিপোর্টটি নিয়ে নিজের মনে জয়োল্লাস করছিল, তখনই ঘরে ঢুকে পড়েন মিঠির দুই ঠাকুমা। কমলিনীর আলমারি খোলা দেখে এবং বর্ষাকে সেখানে অপ্রস্তুত অবস্থায় দেখে তাঁরা যারপরনাই বিস্মিত হন। পরিস্থিতি বেগতিক দেখে বর্ষা মুহূর্তের মধ্যে একরাশ মিথ্যে সাজিয়ে ফেলে। নিজের স্বভাবজাত ধূর্ততায় সে কোনোমতে বিষয়টি এড়িয়ে যেতে সক্ষম হয়, যদিও ঠাকুমাদের মনে সন্দেহের দানা থেকেই যায়।

অন্যদিকে, হাসপাতালের পরিবেশ ছিল যথেষ্ট থমথমে। মিঠির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তাররা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। দেরি করলে ঝুঁকি বাড়তে পারে জেনেও মা হিসেবে কমলিনী নিজেকে সামলাতে পারছিলেন না। মেয়ের এই কঠিন সময়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাঁর কাছে বিষাদময় হয়ে ওঠে, যেখানে মেয়ের সুস্থতা নিয়ে এক গভীর অনিশ্চয়তা দানা বাঁধে।

এদিকে বর্ষা আবার নতুন নাটকের অবতারণা করে। সে দুই ঠাকুমাকে খেতে বসিয়ে এমন ভাব দেখায় যেন মিঠির জন্য তার প্রাণ ফেটে যাচ্ছে। সে দাবি করে, মিঠির খবর না পাওয়া পর্যন্ত তার গলা দিয়ে খাবার নামবে না। এমনকি মিঠির বিয়ে হওয়া না-হওয়া নিয়ে বাঁকা মন্তব্য করতেও সে ছাড়ে না। অথচ লোকচক্ষুর অন্তরালে নিজের জন্য সে আগেভাগেই বিরিয়ানি লুকিয়ে রেখেছিল এবং সুযোগ বুঝে রান্নাঘরে গিয়ে গোগ্রাসে তা গিলতে শুরু করে।

আরও পড়ুনঃ পুঁথি উদ্ধারের আগেই কি শেষ হয়ে যাবে দিতি? কুন্তলার ভয়ঙ্কর পরিকল্পনার শিকার দিতি!

বর্ষার এই অতি চালাকি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। নিরামিষ রান্নার সুগন্ধ ছাপিয়ে বিরিয়ানির উগ্র গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। সন্দেহ হওয়ায় বড় ঠাম্মী সোজা রান্নাঘরে গিয়ে হাজির হন এবং হাতেনাতে বর্ষার আসল রূপ ধরে ফেলেন। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে

Back to top button