হাসপাতালে কৃষানুর মুখোমুখি মিঠি! ফাঁস হবে কি গর্ভাবস্থার গোপন সত্যি? চিরসখায় টানটান আগামী পর্ব

চিরসখা (Chirosokha) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন সকালেই দুশ্চিন্তাগ্রস্ত মা ও পিসি মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে ছোটেন। কিন্তু সেখানে গিয়েও তৈরি হয় নতুন বিপত্তি। হাসপাতালের চৌকাঠে পা রাখতেই মিঠি আঁতকে ওঠে। সে জানায়, এই হাসপাতালেই কৃষানুর নিয়মিত যাতায়াত রয়েছে। অর্থাৎ, তার এই গোপন কথা জানাজানি হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়।
মিঠির জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে তার মা, পিসি এবং স্বতন্ত্র তাকে নিয়ে ডাক্তারখানায় পৌঁছান। চেম্বারে ঢুকে মিঠির মা ডাক্তারকে সবটা খুলে বলে। কীভাবে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছে মিঠি এবং সেই পরিস্থিতিতে সে সন্তান রাখতে চায় কি না, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। ডাক্তার মিঠিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর কিছু জরুরি টেস্ট দেন।
সবকিছু মিটিয়ে যখন তারা চেম্বার থেকে বেরোচ্ছিলেন, ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। দরজার সামনেই তারা মুখোমুখি হন কৃষানু। কৃষানুকে সেখানে দেখে উপস্থিত সবারই হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার জোগাড় হয়। মিঠি যে হাসপাতালে আসবে, সেটা কৃষ্ণকে জানানো হয়নি। ফলে তিনজনকে একসাথে হাসপাতালে দেখে কৃষানু অবাক হওয়ার পাশাপাশি বেশ বিরক্তও হয়। সে সরাসরি প্রশ্ন করে বসে, “তোমরা এখানে কেন?”
কৃষানুর প্রশ্নে সবাই ঘাবড়ে গেলেও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে স্বতন্ত্র। সে মিথ্যে বলে যে, তার নিজের শরীর খারাপ থাকায় সে ডাক্তার দেখাতে এসেছে। কিন্তু ভাগ্য সহায় ছিল না কৃষানুর তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। সে স্বতন্ত্রের হাত থেকে প্রেসক্রিপশনটা কেড়ে নিয়ে দেখে সেখানে মিঠির নাম লেখা রয়েছে। সবাই মিলে তার কাছে কেন মিথ্যে বলছে, সেটা ভেবে কৃষানু বিস্মিত ও ক্ষুব্ধ হয়। মিঠি কোনোমতে পরিস্থিতি সামাল দিতে বলে যে, তার কিছু মেয়েলি সমস্যা হওয়ায় সে ডাক্তার দেখাতে এসেছে। তবে এই মিথ্যেটা যে খুব বেশিদিন টিকবে না, তা ভেবে মিঠি মনে মনে প্রবল আতঙ্কিত হয়ে পড়ে।
আরও পড়ুনঃ অসাধ্য সাধন! মাথায় আঘাত নিয়েও খালি হাতে গাড়ি থামাল গোরা, ওদিকে দিতির চণ্ডী রূপ!
অন্যদিকে, মিঠির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা থেমে নেই। বর্ষা বাইরে থেকে ভালো হওয়ার নাটক করলেও ভেতরে ভেতরে সে আগের মতোই প্রতিহিংসাপরায়ণ। এক ক্যাফেতে বসে সে এবং মিঠির মামি মিলে শলা-পরামর্শ করতে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

