শেষ বর্ষার অধ্যায়! এবার বুবলাইয়ের জীবনে নতুন প্রেম! কার প্রেমে মজলেন অভিনেতা?

চিরসখা ধারাবাহিকের বুবলাই চরিত্রটি একসময় দর্শকদের কাছে রীতিমতো বিরক্তির কারণ হয়ে উঠেছিল। মায়ের বিরুদ্ধে বারবার অবস্থান নেওয়া এবং বর্ষার কথায় অন্ধভাবে বিশ্বাস করার জন্য নেটদুনিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে গল্পে বড় বদল এসেছে। নতুন কাকুর বিরুদ্ধে বর্ষার তোলা অভিযোগের পর শুরুতে স্ত্রীর পাশে দাঁড়ালেও ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে বুবলাই। তখনই দর্শক বুঝতে পারেন, এই চরিত্রের জীবনে এবার বড় মোড় আসতে চলেছে।

বর্ষার ষড়যন্ত্র প্রকাশ্যে আসার পর বুবলাইয়ের মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে। সত্য সামনে আসতেই সে সিদ্ধান্ত নেয় আর এই সম্পর্ক টেনে নেওয়া সম্ভব নয়। বর্ষার ক্ষমা চাওয়া বা ফিরে আসার আকুতি কোনওটাই আর কাজ করেনি। শ্বশুরবাড়ির কেউই তাকে মেনে নিতে রাজি হয়নি। অবশেষে বুবলাই চিরকালের জন্য ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। ধারাবাহিকের এই পর্ব দর্শকদের আবেগে নাড়া দিয়েছে এবং বুবলাই চরিত্রটি নতুনভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

ঠিক এই সময়েই বাস্তব জীবনে একেবারে ভিন্ন এক কারণে চর্চায় উঠে এলেন বুবলাই ওরফে অভিনেতা বিভান ঘোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমার নতুন গার্লফ্রেন্ড। ছবিতে দেখা যায় একেবারে অপ্রত্যাশিত দৃশ্য। কোনও মানুষ নয় বরং একটি কঙ্কালের সঙ্গে পোজ দিয়েছেন অভিনেতা। পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং সবাই বুঝে নেন এটি নিছকই মজার ছলে করা।

কমেন্ট বক্সে এরপর শুরু হয় হাসির বন্যা। কেউ লিখেছেন এত সুন্দর গার্লফ্রেন্ড যে চোখ ফেরানো যাচ্ছে না। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন বর্ষাকে তাড়াতে এই ভরসা। আবার কেউ কেউ জীবনের বাস্তবতা টেনে এনে বলেছেন শেষ পর্যন্ত সবার কপালেই নাকি এমনটাই লেখা থাকে। এমনকি বিয়ের নিমন্ত্রণ চাওয়ার মতো রসিক মন্তব্যও চোখে পড়েছে। অভিনেতা এবং দর্শকের এই হালকা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ অভিনেত্রী বা পরিচালক নয়, এবার নতুন পরিচয় গড়লেন অপর্ণা সেন! ক্যামেরার আড়ালে শুরু করলে নতুন কাজ!

এদিকে ধারাবাহিকের গল্পেও নতুন টানাপড়েন শুরু হয়েছে। বুবলাইকে কিছুটা পেছনে সরিয়ে এখন ফোকাস কমলিনীর মেজো ছেলের উপর। বাড়ির কাউকে না জানিয়ে তার বারবার বাইরে যাওয়া নিয়ে বাড়ছে রহস্য। মিটিল ও বাবিলের সম্পর্কের দূরত্ব থেকেই যে নতুন কোনও চরিত্রের আগমন ঘটতে চলেছে এমন জল্পনাও শুরু হয়েছে। সব মিলিয়ে চিরসখা এখন গল্প এবং বাস্তব দুদিক থেকেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সফল।

Back to top button