নীল আর অনির্বাণ, ঠিক যেন একই মুদ্রার দুই পিঠ! এমন চরিত্রকে ধিক্কার জানাচ্ছে দর্শক!

কমবেশি প্রত্যেকটা ছেলেই একই ধাতুতে গড়া। এই কথাটা আরো একবার প্রমাণ করে দিলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়ক অনির্বাণ। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি দর্শকদের কাছে চর্চার একটি প্রধান বিষয়বস্তু হয়ে উঠছে। টিআরপিতেও একটু একটু করে নিজের জায়গা পাকা করার চেষ্টা করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকার চরিত্র রয়েছে আরাত্রিকা মাইতি এবং নায়কের চরিত্রে রয়েছে সুমন দে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়িকা রাইকে একেবারেই পছন্দ করেনা তার বোন নীলাঞ্জনা। সে মনে করে তার সঙ্গে যত রকমের খারাপ হয়েছে সবকিছুর জন্য দায়ী তার দিদি। তাই নানা রকম ভাবে তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে নীলু। যেমন দিদির বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে বিয়ে আটকানোর একটা দারুন পরিকল্পনা করেছিল নীলাঞ্জনা। সেই পরিকল্পনা সফল না হওয়ায় এইবার দিদির উপর প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর কান্ড করে বসে সে।
সে নিজের দিদির কিছু বিকৃত ছবি ধারাবাহিকের নায়ক অনির্বাণকে পাঠায়। যেটা দেখার পর থেকেই অনির্বাণ একেবারে বদলে যায়। তার মনে হয় পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম এবং ঠকবাজ মেয়েটি হচ্ছে রাই। অনির্বাণের এই পরিবর্তন একেবারেই পছন্দ হয়নি দর্শক মহলের। একজন প্রকৃত পুরুষ এবং প্রকৃত নায়ক হিসেবে অনির্বাণের উচিত ছিল এই কঠিন পরিস্থিতিতে তার স্ত্রীয়ের পাশে থাকা। সেটা না করে সব সময়ের মতন এবারেও তাকে চরম ভুল বুঝে একেবারে একা করে দিয়েছে সে। এর আগেও লোকের কথা শুনে নিজস্ব বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা না করেই রাইকে নানা রকম ভাবে কষ্ট দিয়েছে অনির্বাণ।
নীল আর অনির্বাণের মধ্যে কোন পার্থক্য নেই।
অনির্বাণের এই স্বভাব অনেকটাই মিলে যাচ্ছে জি বাংলার একটি পুরনো ধারাবাহিক ইচ্ছে পুতুলের নায়ক নীলের সঙ্গে। নীল তার নায়িকা মেঘকে ঠিক এই ভাবেই অবিশ্বাস করতো। নিজের চোখের সামনে সত্যি গুলো থাকা সত্ত্বেও সে বারবার মেঘকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে আর তাকেই দোষী হিসেবে চিহ্নিত করেছে। কিছু মিথ্যে কারণকে সামনে রেখে ডিভোর্স অব্দি হয়েছিল তাদের।
আরও পড়ুন: মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন প্রেম করেছেন নীল! অভিযোগ আনলেন টলিপাড়ার অভিনেত্রী
এইবার অনির্বাণ ঠিক সেই পথেই এগোচ্ছে। আর অনেক দূর অব্দি এগিয়েও গেছে। বারবার ভুল করে ক্ষমা চাওয়াটা এবার তার স্বভাব হয়ে দাঁড়াচ্ছে। সে বুঝতেও পারছে না তার এই ধারণা যেদিন মিথ্যে হিসেবে প্রমাণিত হবে সেই দিন সে আর কোথাও মুখ লুকানোর জায়গা পাবে না। ইচ্ছে পুতুল ধারাবাহিকের নীল থেকে শুরু করে অনির্বাণ প্রত্যেকেরই চরিত্রের এই খারাপ দিকটি একেবারেই পছন্দ করছে না দর্শক মহল। এমন মানসিকতার মানুষদের নায়ক হওয়া উচিত নয়, দাবি ভক্তদের।

