যৌন হেনস্থার শিকার ধারাবাহিকের অভিনেত্রী, বন্ধ হয়ে গেল ‘গীতা এলএলবি’র শুটিং

আর জি কর কাণ্ডের (R G Kar incident) উত্তাল আবহাওয়া এখনও শান্ত হয় নি, তার মধ্যেই টলিউডে (Tollywood) একটার পর একটা যৌন হেনস্থার খবর পরিস্থিতিকে যেন আরও উত্তপ্ত করে তুলছে। সম্প্রতি শুটিংয়ের মাঝেই যৌন হেনস্থার অভিযোগ আনলেন টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী! একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই যৌন হেনস্থার খবর আসার পর থেকেই সেই প্রজেক্টের শুটিং পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে।
যদিও এই যৌন হেনস্থার ব্যাপারে অভিনেত্রী বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি। অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ও কৌশিকী গুহ প্রথমে এই ঘটনাটির প্রসঙ্গে মুখ খোলেন এবং তারা জানান আদপে কী ঘটেছিল? তাদের বক্তব্য, শুটিংয়ের মাঝে ওই অভিনেত্রী শৌচালায় যান আর সেই সময় একজন কলাকুশলী লুকিয়ে সেটি ভিডিও করার চেষ্টা করেন বা দেখার চেষ্টা করেন। তখন অভিনেত্রী চিৎকার করতে শুরু করলে, সবটা জানাজানি হয়ে যায়।

এরপর সেখানে লোকজন জড়ো হয় এবং ঐ ব্যক্তিকে মারধর করা হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত সেই ব্যক্তির উপর কোনওরকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। টলিউডের একজন জনপ্রিয় কেশসজ্জা শিল্পী অনুশ্রী দাসের যৌন হেনস্থার অভিযোগ করে আত্মহত্যার চেষ্টা করার পরই দাসানি টু স্টুডিওতে যখন এই যৌন হেনস্থার অভিযোগ আসে তখন স্বাভাবিকভাবেই একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়। সায়ন্তনী ও কৌশিকী দাসানি টু স্টুডিওর পাশের ফ্লোরে শুটিং করার জন্য তারা ঘটনাটি জানতে পেরে সেখানে যান।
কিন্তু সেই সময় ঘটনাটা লুকানোর চেষ্টা করা হয় বলেই জানান তারা। ঐ দুজন অভিনেত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, কেন এরকম একটি ভয়ঙ্কর ঘটনার বিরুদ্ধে কোনরকম আইনি ব্যবস্থা নেওয়া হল না? কেনই বা এই ঘটনাটাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ? দোষীকে শাস্তি দেওয়া হলেও কেন এই ঘটনা প্রকাশ্যে আনা হচ্ছে না? এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। একই সাথে টলিউডের স্টুডিও পাড়ায় অভিনেত্রীদের নিরাপত্তার অভাব নিয়ে রীতিমতো প্রশ্ন শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মঞ্চ থেকে শুরু অভিনয় যাত্রা! নাট্যপ্রেমী তো বটেই সিনেমাপ্রেমীদেরও মন জয় করেছেন সহজেই, জন্মদিবসে ফিরে দেখা অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা কাহিনী!
ইতিমধ্যে সুদীপ্তা চক্রবর্তীর নয়া-ফোরামের তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টলিউডের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে একটি আবেদন পত্র লেখা হয়েছে এবং জানানো হয়েছে আর জি করের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোথাও না হয়। তারই মধ্যে এইরকম ঘটনা। এই জঘন্যতম ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি অনেকে তুললেও বর্তমান সময় দাঁড়িয়েও এরকম ঘটনা ঘটলে কেন তা আড়াল করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক তারকা। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রীর নাম প্রকাশ্যে না এলেও জানা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’র অভিনেত্রী এই ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন।

