‘গান গেয়ে সংসার চালানো এখন কঠিন…’ ‘রোজগার না করলে খাবার জুটবে না…’- চলছে না সংসার? নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে অকপটে রূপঙ্কর বাগচী!

বাংলা সঙ্গীত জগতের পরিচিত নাম রূপঙ্কর বাগচী বহু বছর ধরে তাঁর গানে মুগ্ধ করে চলেছেন শ্রোতাদের। তবে সম্প্রতি তিনি তুলে ধরলেন বাংলা গানের বর্তমান পরিস্থিতির এক কঠিন ছবি। তাঁর মতে, এখনকার সময়ে শুধুমাত্র বাংলা গান গেয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
রূপঙ্করের কথায়, আগের মতো এখন আর রেডিওতে বাংলা গান তেমন শোনা যায় না। স্বাধীন বাংলা আধুনিক গান করে রোজগারের সুযোগ প্রায় নেই বললেই চলে। বড় প্রযোজনা সংস্থার ছবিতে গান গাওয়ার সুযোগ পেলে কিছুটা সম্ভাবনা থাকে, কিন্তু নতুন গান দিয়ে নিজের জায়গা তৈরি করা আজ খুবই কঠিন।
নিজের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে গায়ক জানান, তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। তখন গানই ছিল তাঁর জীবনের ভরসা। রোজগার না হলে সংসার চালানো সম্ভব ছিল না, তাই শুরু থেকেই গানকে পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছিলেন তিনি।
নতুন প্রজন্মের গান কি মানুষের কাছে পৌঁছচ্ছে না, সেই প্রশ্নে রূপঙ্কর বলেন, সমস্যাটা গায়কদের নয়। বরং তাঁদের গান ঠিকভাবে প্রচার পাচ্ছে না বলেই শ্রোতাদের কাছে পৌঁছতে পারছে না। এই অভাবটাই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ সংসার চালাতে একসময় বাড়ি বাড়ি বিক্রি করেছেন লজেন্স! তিনবার বিয়ে ভাঙলেও জীবনে হার মানেননি অভিনেত্রী সুদীপা বসু!
তিনি আরও জানান, আগে রেকর্ড কোম্পানিগুলো শিল্পীদের গান প্রচারের দায়িত্ব নিত। এখন সেই ব্যবস্থা অনেকটাই বদলে গেছে। ফলে শিল্পীদের নিজেদের গান নিজেরাই প্রচার করতে হচ্ছে, যা সবার পক্ষে সম্ভব নয়। এই কারণেই বাংলা গানের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত তিনি।

