অভিনয় জীবনে অনিশ্চয়তার ছাপ! ভবিষ্যৎ সুরক্ষিত করতে নতুন ব্যবসায় অভিনেত্রী! নিজের পরিচয় গড়লেন প্রেরণা ভট্টাচার্য!

টেলিভিশন জগতে অভিনয়ের পাশাপাশি আলাদা পরিচয় তৈরি করার প্রবণতা এখন আর নতুন নয়। টলিপাড়ার বহু তারকাই কাজের ফাঁকে নিজের স্বপ্নের ব্যবসা দাঁড় করানোর দিকে মন দিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। সম্প্রতি তিনি নিজের নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন, যা ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।
অনেকের মনেই প্রশ্ন উঠছে, অভিনয়জীবনের অনিশ্চয়তা কি তাঁকে এই পথে হাঁটতে বাধ্য করেছে। তবে এই ধারণা একেবারেই মানতে নারাজ প্রেরণা। তাঁর স্পষ্ট বক্তব্য, অভিনয়ের ভবিষ্যৎ নিয়ে ভয় বা সংশয় থেকে নয়, বরং বহু দিনের ইচ্ছা থেকেই এই উদ্যোগ। তিনি সব সময়ই চেয়েছেন নিজের হাতে গড়া কিছু একটা তৈরি করতে, যেখানে তাঁর সৃজনশীলতার ছাপ থাকবে।
প্রেরণার কথায় উঠে এসেছে সহকর্মীদের অনুপ্রেরণার বিষয়টিও। তাঁর আশপাশের অনেক শিল্পীকেই তিনি দেখেছেন আলাদা ব্যবসায় সফল হতে। কেউ পার্লার খুলেছেন, কেউ শাড়ি বা গয়নার কাজ শুরু করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছেন, অভিনয়ের বাইরেও নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া সম্ভব, যদি পরিকল্পনা আর পরিশ্রম একসঙ্গে থাকে।
ব্যবসার ক্ষেত্র হিসেবে প্রেরণা বেছে নিয়েছেন নখের পরিচর্যা ও সৌন্দর্যচর্চা। ইদানীং মেয়েদের মধ্যে নখে নানান ধরনের কারুকাজের প্রতি আগ্রহ চোখে পড়ার মতো। সেই চাহিদার কথা মাথায় রেখেই তাঁর এই নতুন উদ্যোগ। তাঁর বিশ্বাস, এই ক্ষেত্রটি এখনও তুলনামূলক ভাবে নতুন এবং সম্ভাবনাময়, তাই সঠিক ভাবে মন দিলে ভাল কিছু করা সম্ভব।
আরও পড়ুনঃ স্কুটি চালিয়ে ঘোরা সাদামাটা মানুষটাই অরিজিৎ সিং! জানেন বিয়েবাড়ির অনুষ্ঠানে গান গাইতে কত অংকের পারিশ্রমিক নেন গায়ক?
বর্তমানে এই ব্যবসাতেই নিজের পুরো মনোযোগ দিতে চান অভিনেত্রী। কারণ শুরুতেই যত্ন না নিলে কোনও উদ্যোগকে দাঁড় করানো যায় না বলে তিনি মনে করেন। কিছু দিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক জগদ্ধাত্রী। তাই ছোটপর্দা থেকে আপাতত কয়েক মাসের বিরতি নিয়ে, নিজের স্বপ্নের এই কাজটিকে বাস্তবের মাটিতে শক্ত করে দাঁড় করাতেই ব্যস্ত প্রেরণা।

